Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:০৮, ৪ মার্চ ২০২৬

স্ক্রিনশট প্রকাশ করে আলভীর সঙ্গে সম্পর্কের ব্যাখ্যা দিলেন তিথি

ইফফাত আরা তিথি ও যাহের আলভী

ইফফাত আরা তিথি ও যাহের আলভী

ছোট পর্দার অভিনয়শিল্পী যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এ ঘটনায় নাম জড়িয়েছে অভিনেত্রী ইফফাত আরা তিথিরও। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি।

বুধবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে ইকরার সঙ্গে ব্যক্তিগত চ্যাটের ৪০টিরও বেশি স্ক্রিনশট প্রকাশ করেন তিথি। সেখানে তিনি দাবি করেন, আলভীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে অভিযোগ উঠেছে, তা ভুল ব্যাখ্যা ও অপপ্রচার।

স্ক্রিনশট প্রকাশ প্রসঙ্গে তিথি লেখেন, “ভেবেছিলাম এগুলো জনসম্মুখে আনবো না। প্রয়োজনে প্রশাসনের কাছে দেবো, সবার সম্মান রক্ষার্থে। কিন্তু যেভাবে আমাকে উত্ত্যক্ত করা হচ্ছে, আর চুপ থাকা সম্ভব হলো না। ইতোমধ্যে কয়েক জায়গায় আমি অডিও স্টেটমেন্টও দিয়েছি। যারা নিজেকে খুব সাধু সাজাচ্ছেন, তাদেরও কি আমলনামা আছে?”

তিথির দাবি, সদ্য প্রয়াত ইকরার সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। নিয়মিত ও স্বাভাবিকভাবেই তাদের কথাবার্তা হতো। পারিবারিক অশান্তি, ব্যক্তিগত হতাশা ও মানসিক অবসাদের বিষয়েও ইকরা তার সঙ্গে কথা বলতেন বলে জানান তিনি।

ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগও সরাসরি নাকচ করেছেন তিথি। তার ভাষ্য, “কারো সংসার ভাঙার ইচ্ছা আমার ছিল না। ইকরা কয়েকবার বলেছিল সে আমেরিকা চলে যাবে। আমি তাকে বরাবরই বলেছি ‘চাইলেও যেতে পারবা না, তুমি আলভীকে ভালোবাসো, তুমি তার কুইন।’ তাহলে আমি কীভাবে তাকে আত্মহত্যার জন্য উস্কানি দিতে পারি? যাই বলা হোক, এটা বলা যাবে না যে আমি তাকে নিজের জীবন নেওয়ার জন্য প্ররোচিত করেছি।”

তিথির পোস্টে ইকরার পারিবারিক প্রসঙ্গও উঠে আসে। তিনি দাবি করেন, ইকরা নিজেই পরিবারের সঙ্গে দূরত্ব ও মানসিক কষ্টের কথা লিখেছিলেন। তিথি লেখেন, “একটি মেয়ে নিজের বাবা-মা সম্পর্কে মিথ্যা বলবে না। আমি কাউকে দোষ দিচ্ছি না। কিন্তু ইকরার মনে পরিবারের নিয়েও কষ্ট ছিল। তার মনে হতো পরিবার তাকে নিজের হালে ছেড়ে দিয়েছে। ২০১৮ সালে একবার আলাদা হয়ে যাওয়ার পর তিনি বাবাকে বিদেশে পাঠানোর অনুরোধ করেছিলেন, কিন্তু সমর্থন পাননি, এ নিয়ে তার ক্ষোভ ছিল।”

পোস্টের শেষে তিথি সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি বিষয়টি সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে ইকরার আত্মার মাগফিরাত কামনা করে লেখেন, “আল্লাহ ইকরাকে ভালো রাখুন, শান্তিতে রাখুন। তার এই চিরনিদ্রা শান্তির হোক। আর দূর থেকেই রিযিকের জন্য দোয়া করি তার জীবনটা সুন্দর হোক।”

ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে এখনও আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়