Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:১০, ৫ মার্চ ২০২৬

‘আমৃত্যু সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই’

হানিফ সংকেত। ছবি: সংগৃহীত

হানিফ সংকেত। ছবি: সংগৃহীত

সরকার ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার–২০২৬ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর এই সম্মানজনক পুরস্কার পাচ্ছেন দেশের জনপ্রিয় সঞ্চালক ও নির্মাতা এ. কে. এম. হানিফ সংকেত। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি প্রকাশের পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন হানিফ সংকেত। এক পোস্টে তিনি লিখেছেন, “সুহৃদ, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করেছে। এই অর্জন শুধু আমার একার নয়; যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার দীর্ঘ পথচলা সম্ভব হয়েছে, এটি তাদের সবার অর্জন।”

কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লিখেছেন, “আজকের এই আনন্দের দিনে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পুরস্কার আমি আমার লক্ষ-কোটি দর্শকের উদ্দেশ্যে উৎসর্গ করছি। আমি বিশ্বাস করি, সুস্থ সংস্কৃতিই পারে একটি সমাজকে আলোকিত করতে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে। আমৃত্যু আমি সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই।”

পোস্টের শেষে সবার কাছে দোয়া কামনা করে তিনি বলেন, “অতীতেও যেমন দায়িত্ব নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও তেমনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।”

প্রসঙ্গত, স্বাধীনতা, গণতন্ত্র ও নারীশিক্ষাসহ দেশ গঠনে অবদানের স্বীকৃতি হিসেবে এবার স্বাধীনতা পুরস্কার–২০২৬ পাচ্ছেন বেগম খালেদা জিয়া।

এছাড়া মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে বশির আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক ও মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম. এ. রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

এ ছাড়া পাঁচটি প্রতিষ্ঠানও এবারের স্বাধীনতা পুরস্কারে ভূষিত হচ্ছে। প্রতিষ্ঠানগুলো হলো— ফৌজদারহাট ক্যাডেট কলেজ (মুক্তিযুদ্ধে অবদান), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সমাজসেবায় এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্র।

প্রতি বছর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার প্রদান করে সরকার।

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়