Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৫৯, ১৪ মার্চ ২০২৬

ঈদের দিন ‘প্রেমের গল্প’ নিয়ে হাজির হচ্ছেন রোশান ও চমক

জিয়াউল রোশান ও রুকাইয়া জাহান চমক। ছবি: সংগৃহীত

জিয়াউল রোশান ও রুকাইয়া জাহান চমক। ছবি: সংগৃহীত

ভালোবাসা, অনুভূতি আর আবেগের মেলবন্ধনে নির্মিত এক স্বপ্নময় গল্প। যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে থাকে হৃদয়ের গভীর আকুলতা, আর প্রতিটি দৃশ্যে ফুটে ওঠে প্রেমের উষ্ণতা। এমনই এক রোমান্টিক আবহে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমের গল্প’।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা ও শেইখ লিমন। গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল শাইর। গানের আবহ ও গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মিত হয়েছে এর মিউজিক্যাল ফিল্ম।

সুনামগঞ্জের নিলাদ্রী লেক ও তাহিরপুরের মনোরম প্রাকৃতিক লোকেশনে চিত্রায়িত হয়েছে পুরো কাজটি। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন মাহিন আওলাদ। এতে প্রেমের গল্পের কেন্দ্রে দেখা যাবে চিত্রনায়ক জিয়াউল রোশান এবং মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে।

কাজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোশান। তিনি বলেন, “গানটি প্রথম শোনার পরই আমার খুব ভালো লেগেছে। পরিচালক মাহিন আওলাদ ভাই যখন ভিডিওর পরিকল্পনাটি শেয়ার করলেন, তখনই মনে হয়েছে কাজটি করা উচিত। এখানে আমার চরিত্রটি কিছুটা ভিন্ন ঘরানার। চরিত্রের জন্য নিজের লুকেও পরিবর্তন আনতে হয়েছে। আশা করছি দর্শক আমাকে নতুনভাবে দেখতে পাবেন।”

রুকাইয়া জাহান চমক বলেন, “গানের সঙ্গে সামঞ্জস্য রেখে মাহিন আওলাদ ভাই দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। এ ধরনের চরিত্র আগে করা হয়নি। দর্শক দেখলেই বিষয়টি বুঝতে পারবেন। পুরো টিম এই কাজটির জন্য অনেক পরিশ্রম করেছে। আশা করি সবার ভালো লাগবে।”

কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা বলেন, “গানটির অংশ হতে পেরে ভালো লাগছে। আভরাল শাইর খুব সুন্দর একটি গান তৈরি করেছেন। আশা করছি গানটি শ্রোতাদের হৃদয়ে দোলা দেবে।”

জানা গেছে, সান প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত এই ব্যয়বহুল মিউজিক্যাল ফিল্মটি ঈদের দিন সন্ধ্যায় প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়