ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬, ২৬ এপ্রিল ২০২৬

আবেগঘন মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দর্শকদের আবেগে ভাসিয়ে শেষের পথে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই নাটকটি ইতোমধ্যে ৪৬টি পর্ব প্রচারের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। পারিবারিক গল্পভিত্তিক নাটকটি মোট ৫২ পর্বে সমাপ্তি পাবে।

মূলত পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ধারাবাহিকে উঠে এসেছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব ও মমত্ববোধের নানা দিক। বাস্তব জীবনের আবেগঘন উপস্থাপনই নাটকটিকে দর্শকদের কাছে আলাদা করে তুলেছে।

নাটকে ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং সামির চরিত্রে খায়রুল বাসার। মেহরী চরিত্রে কেয়া পায়েল, সায়রা চরিত্রে সুনেরাহ বিনতে কামাল অভিনয় করেছেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ইসরাত। নাটকের চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, নাটকের শেষ পর্বটি হবে একটি বিশেষ মেগা এপিসোড। শুরু থেকে প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ মিনিট। দর্শকদের পক্ষ থেকে সময় বাড়ানোর অনুরোধ থাকলেও টেলিভিশনের নির্ধারিত সময়সূচি ও স্পন্সরসংক্রান্ত সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। তবে দর্শকদের সেই প্রত্যাশা পূরণে শেষ পর্বটি দেড় ঘণ্টারও বেশি সময় ধরে প্রচার করা হবে।

দীর্ঘদিন ধরে পারিবারিক নাটকে আবেগ ও সম্পর্কের টানাপোড়েন কমে যাওয়ার অভিযোগ থাকলেও, ‘এটা আমাদেরই গল্প’ সেই ধারণাকে অনেকটাই বদলে দিয়েছে। সম্পর্কের উষ্ণতা ও বাস্তবধর্মী উপস্থাপনার মাধ্যমে নাটকটি দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ে প্রচার শুরু হয় এই ধারাবাহিকটি। টেলিভিশনের পাশাপাশি ‘সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলেও প্রতিটি পর্ব প্রকাশিত হচ্ছে, যেখানে সমানভাবে দর্শকপ্রিয়তা পাচ্ছে নাটকটি।

ইএন/এসএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়