ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৮, ১ নভেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রে আগাম ভোট ৯ কোটি ছাড়াল

ফাইল ছবি

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ এ এরই মধ্যে রেকর্ড ৯ কোটিরও বেশি আগাম ভোট পড়েছে বলে জানিয়েছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইউএস ইলেকশনস প্রজেক্ট। খবর রয়টার্স।

৩ নভেম্বর ভোটের নির্ধারিত দিনের আগেই রোববার (১ নভেম্বর) পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ তাদের রায় জানিয়ে দিয়েছেন। এর মধ্য দিয়ে দেশটিতে ১০০ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি ভোট পড়ার মঞ্চ প্রস্তুত হয়েছে।

এদিকে, ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের দ্বৈরথ নিয়ে মার্কিন নাগরিকদের যে তুমুল আগ্রহ, এবারের আগাম ভোটের সংখ্যাই তার প্রমাণ বলে ধারণা করছে গণমাধ্যমগুলো।

রোববার (১ নভেম্বর) পর্যন্ত যুক্তরাষ্ট্রে যে পরিমাণ আগাম ভোট পড়েছে, তা ২০১৬ সালের নির্বাচনে মোট ভোটের প্রায় ৬৫ শতাংশ।

মার্কিন গণমাধ্যমগুলো জানাচ্ছে, ভোটের দিন কেন্দ্রগুলোর ভিড় এবং করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার শঙ্কায় এবার অসংখ্য মানুষ ডাকযোগে কিংবা আগাম ভোটের কেন্দ্রগুলোতে গিয়ে নিজেদের রায় জানিয়ে এসেছে।

অন্যদিকে, জনমত জরিপগুলোতে ট্রাম্পকে বাইডেনের থেকে বেশ খানিকটা পিছিয়ে থাকতে দেখা গেলেও, দোদুল্যমান রাজ্যগুলোতে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান কম হওয়ায় রিপাবলিকান প্রার্থীর সম্ভাবনা এখনও রয়ে গেছে - বলছেন পর্যবেক্ষকরা।

এছাড়াও, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় দুই লাখ ২৯ হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া কোভিড-১৯ মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতাই এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে বলে অনুমান বিশ্লেষকদের।

পাশাপাশি, বিপুল সংখ্যক আগাম ভোটও ডেমোক্রেটদের সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারে বলে অনুমান অনেকের। দলটি এবার মহামারির মধ্যে ডাকযোগে ভোটের ব্যাপারে শুরু থেকেই শক্ত অবস্থান নিয়েছিল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়