ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০২, ৭ নভেম্বর ২০২০

‘গোপনে’ ট্রাম্পকে ছাড়ছেন কর্মকর্তারা

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকা বেশ কয়েকটি রাজ্যে পিছিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় হেরে যাওয়ার আভাস পেয়ে প্রচার শিবির ও হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তা ‘গোপনে’ ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সরে যেতে শুরু করেছেন। হোয়াইট হাউস ঘনিষ্ঠদের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে প্রভাবশালী গণমাধ্যম সিএনএন।

শুক্রবার ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ভোটের হিসাবে পেনসিলভেনিয়া ও জর্জিয়ায় ডনাল্ড ট্রাম্পকে টপকে যাওয়ার পর ওই কর্মকর্তারা সরতে শুরু করেন বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে। অথচ প্রথম দিকে এই দুই রাজ্যে ট্রাম্প অনেক এগিয়ে ছিলেন এবং জেতারও আভাস পাচ্ছিলেন।

যে পাঁচটি রাজ্যের ভোটের ফল এখনও আসার অপেক্ষায় রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে পেনসিলভেনিয়ায়, ২০টি। এছাড়া জর্জিয়ায় ১৬, নর্থ ক্যারোলিনায় ১৫, অ্যারিজোনায় ১১ ও নেভাডায় ৬টি ইলেকটোরাল ভোট রয়েছে।

এর মধ্যে পেনসিলভেনিয়া, জর্জিয়া ও নর্থ ক্যারোলিনায় বৃহস্পতিবার নাগাদ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। তবে পোস্টাল ব্যালটের ওপর ভর করে শুক্রবার পাল্টে গেছে চিত্র, এখন শুধু নর্থ ক্যারোলিনা ছাড়া সবগুলোতে এগিয়ে আছেন বাইডেন।

এখনও জয়-পরাজয়ের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা না গেলেও এরইমধ্যে ২৫৩টি ইলেকটোরাল ভোট পক্ষে আসা বাইডেনেরই জয়ের আভাস মিলছে। শুধু পেনসিলভেনিয়ায় জয় এলেও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টির বেশি ইলেকটোরাল ভোট চলে আসবে তার পক্ষে। সেখানে জর্জিয়া, অ্যারিজোনা ও নেভাদায়ও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন তিনি।

তাছাড়া পোস্টাল ভোট গণনা শুরুর পর চিত্র পাল্টাতে থাকায় ডেমোক্র্যাট শিবিরের আত্মবিশ্বাস বেড়েছে। জয়-পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ানো যে পেনসিলভেনিয়ায় একদিন আগেও এক লাখের বেশি ভোটে এগিয়ে ছিলেন ট্রাম্প, সেখানে এখন ১৩ হাজারের বেশি ভোটে এগিয়ে গেছেন বাইডেন।

ট্রাম্পকে টপকে যাওয়া আরেক স্টেট জর্জিয়ায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে বাইডেন এগিয়ে আছেন ১ হাজার ৬১৬ ভোটে। এছাড়া ৯২ শতাংশ ভোট গণনা হওয়া নেভাদায় ২০ হাজার ১৩৭ এবং ৯৪ শতাংশ ভোট গণনা হওয়া অ্যারিজোনায় ৩৯ হাজার ৭৬৯ ভোটে এগিয়ে আছেন বাইডেন।

এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সিএনএনকে বলেন, এটা শেষ হয়ে গেছে। তবে ট্রাম্প কী করবেন, তিনি পরাজয় মেনে নেবেন কি না তা নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানান ওই উপদেষ্টা।

ট্রাম্প কী করতে পারেন প্রশ্ন করা হলে তিনি বলেন, “ঈশ্বর, কে জানে?” ভোটের ফল নিয়ে ট্রাম্পের লড়াইয়ের অধিকার থাকলেও যে প্রক্রিয়ায় বিষয়টি নিয়ে আগানো হচ্ছে, তা ঠিক নয় বলে মনে করেন তিনি। এ নিয়ে ট্রাম্পের প্রচার শিবিরেও প্রশ্ন উঠেছে বলে জানান তিনি।

ট্রাম্পের নির্বাচনী প্রচারের আরেক উপদেষ্টা সিএনএনকে বলেন, নির্বাচন ‘চুরি হয়ে যাওয়ার’ যে অভিযোগ ট্রাম্প করেছেন, সে বিষয়ে তিনি ক্রমশ একা হয়ে পড়ছেন।

এই দুই উপদেষ্টার ভাষ্যমতে, এখনও প্রেসিডেন্ট ট্রাম্পের আশপাশে এমন কিছু পরামর্শক ও সহযোগী রয়েছেন যারা সেইটাই বলেন যেটা তিনি শুনতে চান। এই বিষয়টিই নাটক দীর্ঘায়িত করবে বলে তাদের ধারণা।

তবে এরইমধ্যে ট্রাম্পের সহযোগীদের মধ্যে কেউ কেউ ২০২৪ সালের নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছেন বলে এক উপদেষ্টার বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়