ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ৭ নভেম্বর ২০২০

মার্কিন পরমাণু নিরাপত্তা প্রশাসনের প্রধানের পদত্যাগ

লিসা গর্ডন হ্যাজারটি

লিসা গর্ডন হ্যাজারটি

পদত্যাগ করলেন মার্কিন জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসনের (এনএনএসএ) প্রধান এবং পরমাণু জ্বালানি নিরাপত্তা বিষয়ক সহকারী মন্ত্রী লিসা গর্ডন হ্যাজারটি।

মার্কিন জ্বালানি মন্ত্রণালয় শুক্রবার এক প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।  খবর দ্যা হিল ও ডিফেন্স নিউজের।

এতে বলা হয়েছে, শুক্রবার লিসা গর্ডন পদত্যাগপত্র জমা দেন এবং এর পরপরই তা কার্যকর করা হয়। এরইমধ্যে সংস্থার উপপ্রধান উইলিয়াম বুকলেসকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। উইলিয়াম বুকলেস গত দেড় বছর ধরে এ সংস্থার উপ প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ট্রাম্পের ভোটে হেরে যাওয়ার আভাস এবং তার সঙ্গে সম্পর্কের অবনতির কারণে নির্বাচনী প্রচারণা শিবির ও হোয়াইট হাউসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা সরে যাচ্ছেন বলে হোয়াইট হাউসের ঘনিষ্ঠদের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।

মার্কিন সিনেট ২০১৮ সালের ফেব্রুয়ারিতে লিসা গর্ডন হ্যাজারটির নিয়োগ চুড়ান্ত করে। তিনিই এ সংস্থার প্রথম নারী প্রধান হিসেবে কাজ করেছেন।

মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, লিসা গর্ডন এনএনএসএ’র অবকাঠামোকে আধুনিকায়ন এবং বিশ্বমানের শক্তিশালী কর্মীবাহিনী তৈরির বিষয়টি দেখভাল করেছেন।

এছাড়া, তিনি এনএনএসএ’র প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকাণ্ড এবং সংস্থায় কর্মরত ৫০ হাজার কর্মী বাহিনীর কাজের মান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।

২০০০ সালে প্রতিষ্ঠিত এনএনএসএ হচ্ছে আধা-স্বায়ত্ত্বশাসিত সংস্থা যা মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের আওতায় কাজ করে।

এই সংস্থা মার্কিন পরমাণু অস্ত্রের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে থাকে। পাশাপাশি সারা বিশ্বে পরমাণু নিরস্ত্রীকরণ বা এনপিটি বাস্তবায়নের দায়িত্বও তারাই পালন করে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়