ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১০, ৭ নভেম্বর ২০২০

সহিংসতা ভুলে ফ্রান্সে গীর্জা পাহারা দিচ্ছেন এক মুসলিম তরুণ

ফ্রান্সের একটি সংবাদপত্রে মুসলিমদের নবী মোহাম্মদ (স) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় ক্ষুব্ধ গোটা মুসলিম সম্প্রদায়। বিভিন্ন দেশে এর প্রতিবাদে কর্মসূচি ডাকা হচ্ছে। বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। ক্লাসে সেই কার্টুন দেখানোয় তিউনিশিয় মুসলিম ছাত্রের হাতে নিহত হন এক শিক্ষক। এসব ঘটনার মাঝেও সহিংসতা ভুলে হামলা প্রতিরোধে গীর্জা পাহারা দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন এক মুসলিম তরুণ। যার নাম এলিয়াজিদ বেনফেরহাত।

ফরাসী মুসলিম এলিয়াজিদ বেনফেরহাতের জন্ম ফ্রান্সের এক মুসলিম পরিবারে। ফ্রান্সের ল্যুদভ শহরে বাস করেন তিনি। নিজের ধর্মের কাছ থেকে তিনি পেয়েছেন শান্তি আর সহাবস্থানের শিক্ষা। তিনি একই সঙ্গে একজন মুসলিম এবং একজন ফরাসি। গত অক্টোবরে ফ্রান্সের নিস প্রদেশের আক্রমনের খবর শোনার পর আঁতকে উঠেছিলেন এলিয়াজিদ। সিদ্ধনাত নিলেন কিছু একটা করতে হবে।

এরপর বন্ধু-বান্ধবদের নিয়ে একটি দল গড়ে তুললেন তিনি। অল সেইন্টস উইকেন্ড এর পুরোটা সময় জুড়ে নিজ শহরের গির্জার বাইরে দাঁড়িয়ে পাহারা দিয়েছেন এই মুসলিম তরুনদের দলটি। শুধু পাহারাই নয়, একই সঙ্গে ক্যাথলিক চার্চগামী মানুষের সঙ্গে একাত্মতা সহাবস্থানের প্রতীক হিসেবেও অবস্থান করেছেন তারা।

তাদের এই উদ্যোগ জিতে নিয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বী ফরাসীদের হৃদয়। ল্যুদভ শহরের ৭০০ বছরের পুরনো এই গির্জার পাদ্রি জানান, 'বর্তমানের দুঃসময়ে এই তরুণদের শুভবোধ আর কাজ আশার আলো জ্বালিয়েছে আমাদের সবার মনে।'

এলিয়াজিদ বলেন, 'আমি ফ্রান্সের নাগরিক হলেও একই সঙ্গে আমি একজন মুসলিম। এদেশে ইসলামোফোবিয়া দেখে আসছি আমরা, আর টেরোরিজমের ভীতি তো আছেই।'

'সাম্প্রতিক সময়ে বিষয়টা আরও বেড়ে গেছে। যখনই ফ্রান্সে কোন মুসলিম জঙ্গী আক্রমণ হয়, আমরা খুব ভয়ে ভয়ে থাকি, সামাজিকভাবেই একঘরে হয়ে পড়ি আমরা। অথচ এইসমস্ত কার্যক্রমের সঙ্গে কোন সংযোগ নেই আমাদের, অন্য আর দশটা ফরাসী নাগরিকের মতো করে আমাদের আর দেখা হয় না তখন।'

গত মাসে ফ্রান্সে ঘটে যাওয়া এইসমস্ত ঘটনাকে 'অবিশ্বাস্য আর অসহ্য নৃশংস' বলে উল্লেখ করেন এলিয়াজিদ। তিনি বলেন, 'এসব দেখে আমি এতটাই অস্থির হয়ে পড়েছিলাম যে আমার মনে হচ্ছিল কিছু একটা করতেই হবে, যাতে করে মানুষের চোখ খুলে যায়, মানুষের মানবিকতা জেগে ওঠে।'

সূত্র: আরব নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়