ঢাকা, বুধবার ১২ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ১২ নভেম্বর ২০২০

করোনায় এই প্রথম বিশ্বে ১০ হাজার মৃত্যু

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে বিশ্বব্যাপী বেড়েই চলেছে আক্রান্ত এবং মৃত্রের সংখ্যা। তবে এই প্রথম ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একদিনে ১০ হাজার মানুষের মৃত্যু দেখলো বিশ্ব। ফলে মহামারিতে মৃতের সংখ্যা ১২ লাখ ৮৯ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত আরও সোয়া ৫ কোটি মানুষ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পৌনে ১২টা পর্যন্ত করোনার জরিপ রাখা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৮৯ হাজার ৭৫২ জন। আক্রান্ত হয়েছেন ৫ কোটি ২৪ লাখ ৪১ হাজার ৩৯২ জন। তবে এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৬৬ লাখ ৭৭ হাজার ৪৮৩ জন।

যুক্তরাষ্ট্রে একদিনে ১ হাজার ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। দেশটি এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। এখন দুই লাখ ৪৭ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ১ কোটি ৭ লাখের বেশি সংক্রমিত।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করেছে ইতালি। এপ্রিলের পর প্রথম, দেশটিতে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ৬ শতাধিক মানুষের। মোট মৃত্যু ৪৩ হাজার; আক্রান্ত সোয়া ১০ লাখের বেশি।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫১১ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৬৭৯ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা এক লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৬ লাখ ৩৫ হাজার।

এদিকে, করোনা সংক্রমণ পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়লো যুক্তরাজ্যে। দেশটিতে করোনায় মৃত্যু ছাড়িয়ে গেছে ৫০ হাজার। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৫০ হাজার ৩৬৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৯৫ জন।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রতিটি মৃত্যুই এক একটি ট্রাজেডি। ভ্যাকসিনের আশা থাকা সত্ত্বেও আমরা সঙ্কটের বাইরে নেই।

জানা গেছে, ৬ মাসে প্রথমবার প্রায় ৬শ’ মৃত্যুর পর, বিশ্বের ৫ম দেশ হিসেবে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধলাখ। দিনে ৩শ’ থেকে সাড়ে ৫শ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল, ভারত, ইরান, রাশিয়া, পোল্যান্ড, স্পেন, আর্জেন্টিনা, বেলজিয়াম ও ফ্রান্স।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়