ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ১৭ নভেম্বর ২০২০

পদত্যাগ করলেন আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব ম্নাৎসাকানিয়ান

আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব ম্নাৎসাকানিয়ান

পদত্যাগ করেছেন আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব ম্নাৎসাকানিয়ান। নাগরনো-কারবাখ অঞ্চল নিয়ে আজারবাইজানের সঙ্গে শান্তিচুক্তির জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন জোহরাব।

সোমবার আর্মেনীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আল-জাজিরা।

গত সপ্তাহে ওই চুক্তি স্বাক্ষরের পর নিজ দেশে ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে আর্মেনিয়ার সরকার। পদত্যাগের জন্য দেশটির প্রেসিডেন্ট নিকোল পাশিনিয়ানের ওপর চাপ অব্যাহত আছে।

এমন পরিস্থিতিতে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ম্নাৎসাকানিয়ান। তবে পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের ফলে পাশিনয়ানের উপর চাপ আরো বাড়ল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আজেরি ভূখণ্ড নাগরনো-কারবাখ দখল করে রেখেছিল আর্মেনিয়া। অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব গত সেপ্টেম্বরে রক্তক্ষয়ী লড়াইয়ে রূপ নেয়। যাতে নাগরনো-কারবাখের বেশ কিছু এলাকা জিতে নেয় আজারবাইজান। 

ছয় সপ্তাহের ওই লড়াইয়ের পর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে শান্তিচুক্তি করে আর্মেনিয়া। যার ফলে নাগরনো-কারবাখ ছাড়তে হচ্ছে আর্মেনীয়দের।

এদিকে চুক্তির পর থেকে সরকার বিরোধী বিক্ষোভের মুখে পড়েছে আর্মেনিয়া সরকার। বিক্ষোভকারীদের বক্তব্য, যেভাবে আজারবাইজানের সঙ্গে শান্তিচুক্তি হয়েছে, তা মেনে নেওয়া যায় না। চুক্তিতে আর্মেনিয়াকে ঠকানো হয়েছে।

বিক্ষোভকারীদের বক্তব্য, প্রায় আড়াই হাজার সেনা এই যুদ্ধে প্রাণ দিয়েছেন। চুক্তিতে সই করে সেই সেনাদেরও অপমান করা হয়েছে। এমন বিক্ষোভের মুখে নিজেই জোহরাব নিজেই সরে দাঁড়ালেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়