ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ২৩ নভেম্বর ২০২০
আপডেট: ১৫:০৬, ২৩ নভেম্বর ২০২০

করোনা প্রতিরোধে অক্সফোর্ডের ভ্যাকসিন ৭০ শতাংশ কার্যকর

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন ৭০ শতাংশ কার্যকর বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল আকারের ট্রায়াল থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রায় ১০ মাস ধরে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সোমবার (২৩ নভেম্বর) গবেষকরা দাবি করেছেন ভ্যাকসিনটি ৭০ শতাংশ সফলতা পেয়েছে। এটি ব্যবহারের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় আছে তারা।

এদিকে তৃতীয় ধাপের ট্রায়ালের প্রাথমিক ফলে দেখা গেছে, ফাইজার-বায়োএনটেক, রাশয়ার স্পুটনিক এবং মডার্নার তৈরি ভ্যাকসিনের কার্যকারিতা ৯০ শতাংশের বেশি। এর মধ্যে একটি অর্থাৎ ফাইজার-বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনটি ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ৯৪ শতাংশ কার্যকর বলে জানানো হয়েছে।

অক্সফোডের সাথে সংশ্লিষ্টরা জানান, ২০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীর শরীরে বড় আকারের পরীক্ষাটি চালানো হয়েছিল। এসব স্বেচ্ছাসেবীর ৫০ ভাগ যুক্তরাজ্যের বাসিন্দা আর ৫০ ভাগ ব্রাজিলের। পরীক্ষায় দেখা গেছে ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণকারী স্বেচ্ছাসেবীদের মধ্যে ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর ডামি বা নকল ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে ১০১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর ভিত্তিতে গবেষকরা বলছেন, ভ্যাকসিনটি ৭০ শতাংশ কার্যকরী।

পরীক্ষায় আরও দেখা গেছে, যখন স্বেচ্ছাসেবীদেরকে দুইটি উচ্চ ডোজ দেওয়া হয় তখন তাদের ৬২ শতাংশ সুরক্ষা নিশ্চিত হয়েছে। তবে যখন একটি উচ্চ মাত্রার ডোজ ও একটি নিম্ন মাত্রার ডোজ দেওয়া হয়, তখন এটি ৯০ শতাংশ কার্যকারিতা দেখাতে সক্ষম হয়। কেন এ দুইটির মধ্যে পার্থক্য হলো তা স্পষ্ট নয়।

ক্লিনিক্যাল ট্রায়ালের প্রধান পরীক্ষক অধ্যাপক অ্যান্ড্রু পোলার্ড বিবিসিকে বলেন, ‘আমরা এ ফলাফল নিয়ে খুবই সন্তুষ্ট।’

অন্যান্য টিকার তুলনায় অক্সফোর্ডের টিকা কম কার্যকারিতা দেখাতে সক্ষম হলেও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে এটি মহামারি মোকাবিলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। কারণ, অন্য ভ্যাকসিনগুলোর তুলনায় অক্সফোর্ডের ভ্যাকসিন অনেক সাশ্রয়ী। এটি তুলনামূলকভাবে সংরক্ষণ করা সহজ। আর সেকারণে সহজেই এটি পৃথিবীর যেকোনও প্রান্তে পৌঁছে দেওয়া সহজ হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়