ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ২৭ নভেম্বর ২০২০
আপডেট: ১৪:১৫, ২৭ নভেম্বর ২০২০

এরদোয়ানকে উৎখাতের চক্রান্ত, ৩৩৭ জনের যাবজ্জীবন

সংগৃহীত

সংগৃহীত

তুরস্কের রিসেপ তাইয়্যিপ এরদোয়ান সরকারকে উৎখাতের চক্রান্তে যুক্ত থাকার অভিযোগে সেনা কর্মকর্তাসহ ৩৩৭ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছে দেশটির একটি আদালত। ২০১৬ সালে সেই ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সময় অন্তত ২৫১ জন নিহত হয়।

বিবিসি জানায়, এরদোয়ানকে উৎখাত করার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে প্রায় পাঁচশো মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, যাদের অনেকে এখনো পলাতক।

এ চক্রান্তের মূল হোতা হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে থাকেন এরদোয়ান। তবে এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেন গুলেন।

অভিযোগে বলা হয়, আঙ্কারার কাছে আকিনঞ্চি বিমানঘাঁটি থেকে এই ষড়যন্ত্র পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার তুরস্কের সবচেয়ে বড় আদালতের এজলাসে রায় পড়ার সময় চাপা উত্তেজনা লক্ষ করা যায়। আদালত কক্ষে হাজির করা হয়েছিল অভিযুক্তদের।

এই মামলার বিচার শুরু হয়েছিল ২০১৭ সালে। অভিযুক্তদের মধ্যে আছেন ২৫ জন জেনারেল এবং দশ জন বেসামরিক ব্যক্তি।

দোষী সাব্যস্তদের মধ্যে আছেন অনেক সেনা অফিসার। আছেন তুরস্কের বিমানবাহিনীর কয়েকজন পাইলট, যারা আঙ্কারায় পার্লামেন্ট ভবনে বোমা বর্ষণ করেছিলেন।

চার বছর আগের সেই ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সময় একটি অবকাশযাপন কেন্দ্রে ছুটি কাটাচ্ছিলেন এরদোয়ান।

অভিযোগে বলা হয়, ওই অভ্যুত্থানে প্রেসিডেন্ট এরদোয়ানকে হত্যার এবং দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো দখলের চক্রান্ত করা হয়।

এটি ছিল তুরস্কের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।

অভ্যুত্থান বিফল হওয়ার পর দেশজুড়ে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়। শিক্ষক ও বিচারপতিসহ প্রায় এক লাখ সরকারি কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। অভিযোগ করা হয় এদের সঙ্গে গুলেনের যোগাযোগ ছিল। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।

তখন অভিযোগ উঠেছিল, প্রেসিডেন্ট এরদোয়ান এই সুযোগে শুদ্ধি অভিযান চালিয়ে তুরস্কে তার রাজনৈতিক বিরোধীদের নির্মূল করার চেষ্টা করছেন।

কিন্তু সরকার বলেছিল, তুরস্কের জাতীয় নিরাপত্তার স্বার্থেই এদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের প্রয়োজন ছিল।

গুলেনের নেতৃত্বাধীন হিজমেত আন্দোলন গোষ্ঠীকে এরদোয়ান ‘সন্ত্রাসী’ সংগঠন বলে আখ্যা দিয়েছিলেন। ৭৯ বছর বয়স্ক ধর্মীয় নেতা গুলেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বসবাস করছেন। তুরস্ক সরকার তাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়