ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৬, ২ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৩:৫৮, ২ ডিসেম্বর ২০২০

মার্কিন নির্বাচনে কোনো কারচুপি হয়নি: অ্যাটর্নি জেনারেল

ফাইল ছবি

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম থেকেই ভোট কারচুপির অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। এমন অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার।

তিনি বলেছেন, নির্বাচনে বড় ধরনের কোনো কারচুপি হয়নি যা জয়-পরাজয়ের ফলাফলকে বদলাতে পারে। অন্তত আমরা এ রকম কিছু পাইনি। 

উইলিয়াম বার বলেন, নির্বাচনের ফলাফল পাল্টানোর মতো কোনো তথ্য প্রমাণ উদঘাটন করতে পারেনি মার্কিন অ্যাটর্নি এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। 

তবে অভিযোগ এবং তথ্যাদি বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

এপি’র খবর প্রকাশের কিছুক্ষণ পরই হোয়াইট হাউসে প্রবেশ করেন মার্কিন অ্যাটর্নি জেনারেল। যদিও প্রেসিডেন্টের সঙ্গে নির্ধারিত কোনো বৈঠক তার ছিল না।

ডোনাল্ড ট্রাম্পের অন্যতম মিত্র হিসেবে পরিচিত বার বলেন, “যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে সবকিছু সমাধানের একটি মাধ্যম হিসাবে ব্যবহারের প্রবণতা রয়েছে। কেউ যদি কিছু পছন্দ না করে, তখন তারা চায় যে, বিচার বিভাগ এসে সেটার তদন্ত করতে শুরু করুক।”

এই মন্তব্যের বিষয়ে ট্রাম্পের প্রচারণা শিবিরের আইনজীবী রুডি জুলিয়ানি ও জেনা এলিস যৌথ বিবৃতিতে বলেন, “অ্যাটর্নি জেনারেলের প্রতি সম্মান রেখেই বলছি, অনিয়মের এবং পদ্ধতিগত জালিয়াতির যথেষ্ট প্রমাণের ব্যাপারে সেটা নিয়ে তদন্ত বা জ্ঞান ছাড়াই তিনি মতামত দিয়েছেন বলে মনে হচ্ছে।”

সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, “আমার ধারণা, এরপর তিনিই হয়তো বরখাস্ত হতে চলেছেন।”

তবে মার্কিন অ্যাটর্নি জেনারেল’র মন্তব্যের বিপরীতে কোনো প্রতিক্রিয়া জানাননি ট্রাম্প।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়