ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:২৬, ৪ ডিসেম্বর ২০২০

চীনের তৈরি ভ্যাকসিনের ১০ লাখ ডোজ গেলো ব্রাজিলে

ফাইল ছবি

ফাইল ছবি

চীনের সিনোভ্যাক কোম্পানির তৈরি করোনা ভ্যাকসিনের ১০ লাখ ডোজ গেছে ব্রাজিলে। দেশটির সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট বায়োমেডিকেল সেন্টার বৃহস্পতিবার এই টিকা গ্রহণ করেছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুটানটানে করোনাভ্যাক টিকার প্রথম চালানটি মোড়কজাত করে লেবেল লাগানো হবে। এ টিকা মূলত ট্রায়ালে অংশ নেয়া রোগীদের শরীরে প্রয়োগ করা হবে।

ব্রাজিলের সিনেট বৃহস্পতিবার প্রেসিডেন্টের একটি ডিক্রি অনুমোদন করেছে, যাতে অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকাটি কিনতে ৩৮ কোটি ৮০ লাখ ডলার বরাদ্দ করা হয়েছে। এ তহবিল পাবে ফেডারেল জৈবপ্রযুক্তি সংস্থা ফিয়োক্রুজ। তারা টিকা কেনার পাশাপাশি পরে ব্রিটিশ টিকাটি উৎপাদন করবে।

সাও পাওলোর গভর্নর জো ও ডোরিয়া বলেছেন, এখানে জানুয়ারি মাস থেকে টিকাদান কর্মসূচি চালু করা হবে। দেশটির জাতীয় টিকা পরিকল্পনার আগেই সাও পাওলোতে টিকাদান শুরু করতে চান তিনি।

ডোরিয়া বলেছেন, ‘আমরা মার্চ পর্যন্ত অপেক্ষা করতে যাচ্ছি না। আমরা আরও ব্রাজিলবাসীকে কবর দেওয়ার জন্য অপেক্ষা করব না, আমরা জানুয়ারি পর্যন্ত ৬০ হাজার জীবন রক্ষা করতে পারি।’

ব্রিটেন জাতীয়ভাবে ফাইজার-বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন অনুমোদন দিয়েছে। অনেক আগে একই ধরনের অনুমোদন দেয়া রাশিয়া সামনের সপ্তাহে টিকাদান কর্মসূচি শুরু করবে। চীন সরকার কোটি কোটি ডোজ ভ্যাকসিন প্রস্তুত করলেও চূড়ান্ত অনুমোদন এখনো দেয়নি।

হংকং-ভিত্তিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট বৃহস্পতিবার তাদের এক প্রতিবেদনে বলেছে, প্রাথমিক গবেষণায় এগিয়ে থাকার পরও চীনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ভ্যাকসিনের ট্রায়াল সম্পর্কিত চূড়ান্ত ডেটা এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে পারেনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়