ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫১, ৭ ডিসেম্বর ২০২০

ইসরায়েলের সমালোচনায় মুখর সৌদি আরব

সংগৃহীত

সংগৃহীত

বাহরাইনে শীর্ষ একটি নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে ইসরায়েলের সমালোচনায় মুখর হলেন সৌদি যুবরাজ তুর্কি বিন ফয়সল আল সৌদ।

তিনি বলেছেন, ‘যতক্ষণ স্বাধীন ফিলিস্তিন না হচ্ছে, ততক্ষণ ইসরায়েল যেন আরব দুনিয়ার আর কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করে।’

তিনি যখন এই কথা বলছেন, তখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও সেখানে ছিলেন। সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক করার জন্য বাহরাইন ও আমিরাতের প্রতিনিধিদের ইসরায়েল তাঁদের দেশে ধুমধাম করে স্বাগত জানিয়েছে। এই পরিস্থিতিতে সৌদির এই আক্রমণের মুখে পড়ে কিছুটা হতচকিত হয়ে পড়েন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। 

নিরাপত্তা বিষয়ক এই শীর্ষ বৈঠকের নাম দেয়া হয়েছে মানামা ডায়লগ। সেখানেই রোববার সৌদি আরবের এই যুবরাজ বলেন, ‘ইসরায়েল নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরার চেষ্টা করলে ফিলিস্তিনের বাস্তব ছবিটা হলো, তারা একটি পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির অধীনে আছে।’

তিনি বলেন, ‘ইসরায়েল তুচ্ছ কারণে ফিলিস্তিনিদের বন্দিশিবিরে অত্যাচার করছে। ছেলে-বুড়ো, নারী-পুরুষ কেউই ন্যায়বিচার পাচ্ছেন না। ইচ্ছেমতো ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করছে, যাকে খুশি মেরে ফেলেছে।’

তিনি অভিযোগ করেন, ‘ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র আছে। আর তারাও তাদের পেটোয়া মিডিয়া সমানে সৌদি আরবের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে। সেখানে রক্তপিপাসু হত্যাকারী আছে, যারা সৌদির অস্তিত্বকেই মুছে ফেলতে চায়। তারপরও ইসরায়েল প্রচার করে যে, তারা সৌদির বন্ধু হতে চায়।’

তার মতে, ‘সমস্যার সমাধান একমাত্র তখনই হতে পারে, যখন ইসরায়েল ১৯৬৭ সালে অধিকৃত ভূখণ্ড ফিরিয়ে দিয়ে স্বাধীন ফিলিস্তিনকে মেনে নেবে। আর তা হলেই আরব দেশগুলোর সঙ্গে তাদের বন্ধুত্ব হতে পারে।’

এর পরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি প্রতিনিধির মন্তব্যে তিনি ক্ষুব্ধ। মধ্যপ্রাচ্যে পরিবর্তন আসছে। সৌদির প্রতিনিধির কথায় তার ছাপ নেই। তার মতে, শান্তিচুক্তি না হওয়ার জন্য ফিলিস্তিন দায়ী। বিকল্প দুইটি। ফিলিস্তিনকে সমস্যার সমাধান মেনে নিতে হবে, না হলে এ রকম দোষারোপ চালিয়ে যেতে হবে।’

যখন এই উত্তপ্ত বাক্যবিনিময় চলছে, তখন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীও মঞ্চে ছিলেন। তিনি অবশ্য পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছেন। তিনি ওই সময় বলেন, ‘শান্তির পথ সহজ নয়। অনেক বাধা আসে। অনেক উপর-নীচ হয়। কিন্তু শান্তির পথে থেকেই ইসরায়েল ও ফিলিস্তিনের সমস্যার সমাধান করতে হবে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়