ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ১২ ডিসেম্বর ২০২০

মেক্সিকোতে জরুরি ভিত্তিতে অনুমোদন পেল ফাইজারের টিকা

ফাইল ছবি

ফাইল ছবি

জরুরি ভিত্তিতে একের পর এক দেশ ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা টিকার অনুমোদন দিচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো মেক্সিকো।

স্থানীয় সময় শুক্রবার জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে মেক্সিকোর চিকিৎসা সুরক্ষা কমিশন। সংবাদমাধ্যম এবিসি নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্যটি নিশ্চিত করেছে।

মেক্সিকোর উপ-স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ বলেছেন, যুক্তরাজ্য, কানাডা ও বাহরাইনের পর মেক্সিকোয় ফাইজারের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।

তবে এই চার দেশের পর যুক্তরাষ্ট্রেও ফাইজারের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ)।

সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, প্রথম দিকে আড়াই লাখ ভ্যাকসিন নেবে মেক্সিকো, যা এক লাখ ২৫ হাজার মানুষের জন্য ব্যবহার করা যাবে। কারণ প্রতিজনের জন্য ফাইজারের দুই ডোজ ভ্যাকসিন প্রয়োজন।

উপস্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ জানিয়েছেন, শুরুতে ফ্রন্টলাইনের স্বাস্থ্যকর্মীরা এই টিকা ব্যবহারের সুযোগ পাবেন।

এদিকে মেক্সিকোয় আগামী সপ্তাহের মধ্যেই টিকাদান শুরু করা হবে বলে আশা করা যাচ্ছে। উপ-স্বাস্থ্যমন্ত্রী বলছেন, এটি অবশ্যই আশা সঞ্চারের একটি বিষয়, যদিও প্রাথমিকভাবে টিকার সংখ্যা মেক্সিকোর প্রায় ১৬ লাখ স্বাস্থ্যকর্মীদের তুলনায় যথেষ্ট নয়।

এদিকে ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যমতে, এখন পর্যন্ত মেক্সিকোতে ১২ লাখ ২৯ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ১৩ হাজারের অধিক মানুষ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়