ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ১৪ ডিসেম্বর ২০২০

করোনায় আক্রান্ত এসওয়াতিনির প্রধানমন্ত্রীর মৃত্যু

অ্যামব্রুস দলামিনি

অ্যামব্রুস দলামিনি

করোনায় আক্রান্ত হয়ে আফ্রিকার দেশ এসওয়াতিনির প্রধানমন্ত্রী অ্যামব্রুস দলামিনির মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে রোববার বিকেলে অ্যামব্রুস দলামিনির (৫২) মৃত্যু হয়েছে। সেখানে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। যদিও দলামিনি বেশ কিছুদিন ধরে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে করোনার চিকিৎসা নিচ্ছিলেন।

তিনি ২০১৮ সালে এসওয়াতিনির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আফ্রিকার ছোট্ট দেশ এসওয়াতিনি এক সময় সোয়াজিল্যান্ড হিসেবে পরিচিত ছিল। দেশটিতে জনসংখ্যা প্রায় ১০ লাখ।

গত ১৬ নভেম্বর দলামিনির দেহে পরীক্ষা-পরীক্ষার পর তার করোনা পজিটিভ ধরা পড়ে। সে সময় তিনি এক বিবৃতিতে বলেছিলেন যে, তার দেহে করোনার কোনো উপসর্গ ধরা পড়েনি এবং তিনি ভালো অনুভব করছেন।

এর কয়েক সপ্তাহ পরে গত ১ ডিসেম্বর এসওয়াতিনি সরকার এক ঘোষণায় জানায় যে, দলামিনিকে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু রোববার বিকেলে সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন তিনি। এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকায় চিকিৎসাসেবার আওতাধীন থাকা অবস্থায়ই তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এক বিবৃতিতে উপ-প্রধানমন্ত্রী থেমবা মাসুকু বলেন, সরকার এবং তার পরিবারের পক্ষ থেকে পরবর্তী বিষয়গুলো জনসাধারণকে জানানো হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়