ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫১, ১৪ ডিসেম্বর ২০২০

জাপানের ইতিহাসে ভয়াবহ বার্ড ফ্লু

ফাইল ছবি

ফাইল ছবি

জাপানে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ভয়াবহ বার্ড ফ্লু। সম্প্রতি দেশটির ৪৭টি প্রিফেকচারের শতকরা প্রায় ২০ ভাগ হাঁস-মুরগি এই ফ্লুতে আক্রান্ত হয়েছে। দেশটির ইতিহাসে ফ্লু ভাইরাসটির সর্বোচ্চ সংক্রমণ বলা হচ্ছে এটিকে।

দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম জাপানের শিগা প্রিফেকচারে একটি লেয়ার মুরগির খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার খোঁজ পাওয়ার পর প্রায় ১১ হাজার মুরগি জবাই করে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া কাগাওয়া প্রিফেকচারেও ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হয়েছে, একমাস আগে এখানেই প্রাদুর্ভাবটি প্রথম দেখা দিয়েছিল।

এখন দেশটির ৪৭টি প্রিফেকচারের মধ্যে ১০টিতে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত রেকর্ড সংখ্যক প্রায় ৩০ লাখ মুরগি মারা হয়েছে।

জাপানের সব মুরগির খামারগুলোকে স্থাপনা জীবাণুমক্ত ও স্বাস্থ্যবিধি পরীক্ষা করার এবং বনের পাখিদের দূরে রাখার জন্য সঠিকভাবে জাল দিয়ে ঘিরে রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে সোমবার রয়টার্সকে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়।

এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশে ব্লার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় জার্মানিসহ সাতটি দেশ থেকে পোল্ট্রি আমদানি স্থগিত করেছে জাপান।

জাপানের কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে ডিম পাড়া লেয়ার মুরগির সংখ্যা প্রায় ১৮ কোটি ৫০ লাখ এবং ব্রয়লার মুরগির সংখ্যা ১৩ কোটি ৮০ লাখ। 

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, জাপান ও প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় যে প্রাদুর্ভাব ছড়িয়েছে তা বিশ্বব্যাপী পোল্ট্রি খামারগুলোতে মহামারী আকারে ছড়িয়ে পড়া দুটি পৃথক অতি সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জার (এইচপিএআই) একটি।

বন্য পাখির মাধ্যমে এই দুটিই এশিয়ায় আর একটি ইউরোপে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে তারা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়