ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৬, ১৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ২২:২৭, ১৭ ডিসেম্বর ২০২০

ম্যাক্রোঁর সাথে আইসোলেশনে তিনটি দেশের সরকারপ্রধান

সংগৃহীত

সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। গুরুতর উপসর্গ না থাকায় হাসপাতালে না নিলেও আপাতত সাতদিন বাসায় আইসোলেশনে থাকবেন তিনি।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট শুধু একাই আইসোলেশনে যাচ্ছেন না, তার সাথে তিনটি দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানকেও আইসোলেশনে নিচ্ছেন।

গত সপ্তাহে ব্রাসেলসে কয়েক ডজন বিশ্বনেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সেখানে উপস্থিত ছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েনসহ আরও অনেকে। অবশ্য এরপরে জার্মান চ্যান্সেলরের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছে তার কার্যালয়।

ইইউ’র ওই সম্মেলনে হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মুখে আদর করে অভ্যর্থনা জানাতে দেখা গিয়েছিল ম্যাক্রোঁকে। এসময় তাদের কয়েক হাত দূরেই ছিলেন অস্ট্রিয়ান চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্জ।

সম্মেলনে অংশগ্রহণকারী অন্য নেতাদের মধ্যে ছিলেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট, বেলজিয়ান প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার ডি ক্রু, ইতালীয় প্রধানমন্ত্রী জিউসেপ কোৎ, ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি ডেভিড সাসোলি প্রমূখ। এসময় বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানদের একাধিকবার স্পর্শ করতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে।

গত বুধবার এমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছিলেন পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা। এলিসি প্যালেসের সিঁড়িতে তাকে জড়িয়েও ধরেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার পর্তুগিজ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, কস্তার পূর্বনির্ধারিত সব সফর বাতিল করা হয়েছে এবং তিনি সেলফ-আইসোলেশনে রয়েছেন।

গত ১৪ ডিসেম্বর প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বৃহস্পতিবার স্প্যানিশ সংবাদপত্র এল পাইস জানিয়েছে, ম্যাক্রোঁ করোনা পজিটিভ শোনার পর সাতদিনের জন্য সেলফ-আইসোলেশনে গিয়েছেন তাদের প্রধানমন্ত্রী।

এমান্যুয়েল ম্যাক্রোঁ করোনায় আক্রান্ত হওয়ায় আইসোলেশনে যাওয়ার তালিকায় রয়েছেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেলও।

এর আগে, এলিসি প্যালেস এক বিবৃতিতে জানায়, ৪২ বছর বয়সী ম্যাক্রোঁর শরীরে উপসর্গ দেখা দেয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ এসেছে।

আগামী ২২ ডিসেম্বর লেবানন সফরে যাওয়ার কথা ছিল ম্যাক্রোঁর। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এ সফর বাতিল করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়