ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫, ৩০ ডিসেম্বর ২০২০

ক্রোয়েশিয়ায় ভূমিকম্পে ৬ জনের মৃত্যু

ক্রোয়েশিয়াতে ভূমিকম্পে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জন। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৪।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ১৯ মিনিটে এ  ভূ-কম্পন অনুভূত হয়।

এদিন ক্রোয়েশিয়ার পার্শ্ববর্তী দেশ স্লোভেনিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, সার্বিয়া এবং অস্ট্রিয়ার বিভিন্ন স্থানেও মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে।

ইউরোপিয়ান মেডিটারনিয়ান সেইসমোলজিক্যাল সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব থেকে প্রায় ২৭ মাইল দক্ষিণ-পূর্বে পেট্রিনিয়া নামক স্থানে। উৎপত্তিস্থল থেকে প্রায় তিন মাইল গভীরে ছিল এর কেন্দ্র।

ভূমিকম্পের ফলে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবসহ বিভিন্ন স্থানে অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে। দেশটির বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত দেশটিতে এক ১২ বছরের এক মেয়েসহ ছয়জনের মৃত্যু হয়েছে। আহত ২০ জনের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

ভূমিকম্পের ফলে ইতোমধ্যে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পেট্রিনিয়া এবং গ্লিনা নামক দুইটি শহর। এ দুইটি শহরের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এ দুই শহরে উদ্ধার অভিযানে কাজ করছে সেনাবাহিনী। 

দুর্ঘটনার বাড়তি ঝুঁকি এড়াতে ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী স্লোভেনিয়ার শহর ক্রিসকোর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। 

ক্রোয়েশিয়ার ভূ-তত্ত্ববিদ ক্রেসিমির কাক জানিয়েছেন, সমগ্র বলকান অঞ্চলটি এক বিশেষ ফল্টলাইনের মধ্যে অবস্থিত যার কারণে ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, মন্টিনিগ্রো, সার্বিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা এ সকল দেশে মাঝে-মধ্যে ভূ-কম্পন অনুভূত হয়।

এর আগেও, গত সোমবার ক্রোয়েশিয়ার পেট্রিয়ানাতে ৫ দশমিক ২ মাত্রার মাঝারি মানের আরও একটি ভূমিকম্প অনুভূত হয়।

তবে সাম্প্রতিক বছরের তুলনায় এবারের ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী বলে তিনি উল্লেখ করেন। 

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়