ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ২ জানুয়ারি ২০২১
আপডেট: ১২:২১, ২ জানুয়ারি ২০২১

আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেলো সাংবাদিকের

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে বন্দুকধারীর গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা  সংবাদিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। খবর রয়টার্স

নিহত সাংবাদিক বিসমিল্লাহ আদেল আইমাক (২৮) ভয়েস অব ঘোর বা ঘোরের কণ্ঠ নামের এক রেডিও স্টেশনের প্রধান সম্পাদক ছিলেন।

এদিকে এ নিয়ে গত দুই মাসে আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন পাঁচ গণমাধ্যমকর্মী ।

শুক্রবার (১ জানুয়ারি) ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহের কাছে কয়েকজন বন্দুকধারী আইমাকের ওপর হামলা চালায়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

ঘোরের ডেপুটি গভর্নর হাবিবুল্লাহ রাদমানেশ বলেন, আইমাক ২০১৫ সাল থেকে ওই রেডিও স্টেশনে কাজ করে আসছিলেন।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। মতপ্রকাশের স্বাধীনতাকে সমর্থনদান ও এগিয়ে নিতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট।

এ হামলার জন্য তালেবানকে দায়ী করে এক টুইটে তিনি লিখেছেন, তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী এ রকম হামলা চালিয়ে সাংবাদিক ও গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে পারবে না।

শুক্রবারই অজ্ঞাত ব্যক্তিদের হামলায় নাগরিক সমাজের একজন কর্মীও নিহত হয়েছেন।

আফগানিস্তানে অনেকদিন ধরেই সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা চলছে। এরপরও সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মানবাধিকার কর্মীদের প্রতি সহিংসতা বেড়েছে। 

গত ডিসেম্বরে তালেবানরা এক বিবৃতিতে বলেছে, গণমাধ্যমকর্মীদের ওপর হামলার সঙ্গে তারা জড়িত নয়।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়