ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৬, ১৫ জানুয়ারি ২০২১

শাওমিসহ ৯ চীনা প্রতিষ্ঠানের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

ফাইল ছবি

ফাইল ছবি

শাওমি, কোম্যাকসহ নয়টি চীনা প্রতিষ্ঠানের ওপর শক্ত নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। কয়েকদিনের মধ্যে বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এই প্রশাসন। বিদায়বেলায় নতুন করে আবার নিষেধাজ্ঞা দিল।

সিএনএন জানিয়েছে, গত বৃহস্পতিবার নতুন করে নয়টি চীনা প্রতিষ্ঠানের নাম নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এসব প্রতিষ্ঠান চীনা সেনাবাহিনীর মালিকানায় অথবা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

নতুন নিষেধাজ্ঞার ফলে চীনা প্রতিষ্ঠানগুলোতে যুক্তরাষ্ট্র থেকে যেকোনও ধরনের বিনিয়োগ যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে।

মার্কিন নিষেধাজ্ঞা শাওমির জন্য বেশ মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। কিছুদিন আগেই প্রতিষ্ঠানটি অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হয়ে উঠেছে। কিন্তু নিষেধাজ্ঞার খবর ছড়াতেই শুক্রবার হংকংয়ে তাদের শেয়ারের দর কমে গেছে অন্তত ১০ শতাংশ।

পেন্টাগনের নিষেধাজ্ঞার তালিকায় পড়েছে চীনের রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা সংস্থা কমার্শিয়াল এয়ারক্র্যাফ্ট করপোরেশন অব চায়না (কোম্যাক)।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, চীনের যেসব প্রতিষ্ঠান বেসামরিক মনে হলেও আদতে তারা উন্নত প্রযুক্তি ও দক্ষতা দিয়ে সামরিক বাহিনীকে সাহায্য করছে, তাদের প্রকাশ্যে আনতে এবং প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন নিষেধাজ্ঞার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়