ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮, ১৭ জানুয়ারি ২০২১

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্প, মৃত বেড়ে ৭৩

সংগৃহীত

সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো আট শতাধিক মানুষ।

রোববার দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থার (বিএনপিবি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, শক্তিশালী এই ভূমিকম্পের ঘটনায় ২৭ হাজার আটশ মানুষ ঘর-বাড়ি হারিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের ফলে কেউ কেউ পাহাড়ে আশ্রয় নেয়। আবার কেউ দুর্যোগ মোকাবেলা কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়। ভূমিকম্পের দুই দিন পরও ধসেপড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের ভেতরে জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

শুক্রবার স্থানীয় সময় সকালে সুলাওয়েসি দ্বীপের মাজেনে শহরে শক্তিশালী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাজেনে শহর থেকে ৩ দশমিক ৭৩ মাইল উত্তর-পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে।

দেশটির আবহাওয়া সংস্থার প্রধান দ্বিকোরিতা কার্নাওয়াতি শনিবার স্থানীয় টেলিভিশনকে বলেছেন, আরেকটি ভূমিকম্প হতে পারে এবং সেটি ৭ মাত্রা পর্যন্ত পৌঁছে যেতে পারে। সুনামি ঝুঁকির কারণে স্থানীয় বাসিন্দাদের সাগর থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রশান্ত মহাসাগরের কথিত ‘রিং অব ফায়ার’ (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা) এর ‍উপর ছড়িয়ে থাকা ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়।

২০১৮ সালে সুলাওয়েসির পালু শহরে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পরও সুনামি সৃষ্টি হয়েছিল। ওই ঘটনায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

নতুন বছরের মাত্র দুই সপ্তাহ পার হয়েছে, এরই মধ্যে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ জনবহুল দেশটি ফের বেশ কয়েকটি দুর্যোগের মুখে পড়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়