ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫০, ২২ জানুয়ারি ২০২১

কোভ্যাক্স পরিকল্পনার অংশ হতে চলেছে যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ট্রাম্পের অনেক নীতি বদলে দিয়েছেন জো বাইডেন। প্রথম দিনেই বাতিল করেছেন মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে ফিরিয়েছেন প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। এবার দরিদ্র দেশগুলোর জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিতকরণে কোভ্যাক্স পরিকল্পনারও অংশ হতে চলেছেন তারা।

যুক্তরাষ্ট্রের প্রধান চিকিৎসা উপদেষ্টা ডা. অ্যান্থনি ফউসি বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ডব্লিউএইচওর নির্বাহী বোর্ডকে তিনি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন শিগগিরই একটি নির্দেশনা জারি করবেন, যার মধ্যে যুক্তরাষ্ট্রের কোভ্যাক্সে যোগদানের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি ও সিইপিআইয়ের যৌথ উদ্যোগে পরিচালিত কোভ্যাক্সের মাধ্যমে বিশ্বের সব দেশের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিতের চেষ্টা চলছে। কিন্তু এ পরিকল্পনার অংশ হতে অস্বীকৃতি জানিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুধু তাই নয়, প্রথমে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অনুদান বন্ধ, পরে সংস্থাটি থেকেই যুক্তরাষ্ট্রকে বের করে আনার ঘোষণা দেন ট্রাম্প।

তার দাবি, করোনাভাইরাস মহামারির সময় সাধারণ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষ করে, করোনার উৎস চীনের প্রতি সংস্থাটির পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি।

গত বছরের জুলাইয়ে ১৯৪৮ সালে যোগ দেয়া জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার আনুষ্ঠানিক ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার সেই প্রক্রিয়া বন্ধ করে দিয়েছেন বাইডেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়