ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৬ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩০, ২২ জানুয়ারি ২০২১

ট্রাম্পকে প্রতিশোধের হুমকি, খামেনির টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড

ডোনাল্ড ট্রাম্প ও আয়াতুল্লাহ আলি খামেনি

ডোনাল্ড ট্রাম্প ও আয়াতুল্লাহ আলি খামেনি

সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়ে পোস্ট করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এই টুইটের জেরে খামেনির টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

তাদের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) খামেনি তার টুইটার অ্যাকাউন্টে একটি যুদ্ধবিমানের ছায়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গলফ খেলছেন এমন একটি ছবি পোস্ট করেছিলেন। এর জেরেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় এই নেতার অ্যাকাউন্ট সাসপেন্ড করল টুইটার কর্তৃপক্ষ। 

খামেনির প্রকাশিত ছবিটির মাধ্যমে মূলত গত বছর ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ ব্যক্ত করেছেন তিনি।

আরও পড়ুন: ‘প্রতিশোধ অনিবার্য’, ট্রাম্পকে খামেনি

ছবিটি প্রকাশ করে ট্রাম্পের উদ্দেশ্যে খামেনি বলেন, ‘প্রতিশোধ অনিবার্য। সোলেইমানির হত্যাকারী ও যিনি এই নির্দেশ দিয়েছেন তারা অবশ্যই প্রতিশোধের মুখোমুখি হবে। যে কোনো সময় প্রতিশোধ নেয়া হতে পারে।’

বুধবার জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ না করেই ট্রাম্প হোয়াইট হাউস ত্যাগ করে ফ্লোরিডায় তার মার-এ-লাগো গলফ ক্লাবে চলে যান। সোলেইমানি হত্যার প্রতিশোধ নেয়া হবে বলে বারবার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইরানের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত বছরের ৩ জানুয়ারি কাসেম সোলেইমানি তার লোকজন নিয়ে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার পরপরই মার্কিন ড্রোন হামলায় নিহত হন। প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছিলেন। হামলার সময় সোলেইমানির সঙ্গে নিহত হন ইরাকি কমান্ডার আবু আল-মাহদিসহ আরও কয়েকজন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়