ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ২২ জুন ২০২৪
আপডেট: ১৭:২৮, ২২ জুন ২০২৪

ভারতের বিপক্ষে আজ হারলেই বাদ পড়বে বাংলাদেশ

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

টি-২০ বিশ্বকাপে এবার বাংলাদেশের লক্ষ্য পূরণ হয়ে গেছে সুপার এইটে উঠেই। বিশ্বকাপে আসার আগে দলটির লক্ষ্য ছিল যে করেই হোক সুপার এইটে উঠা। সুপার এইটে উঠে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। আজ ভারতের বিপক্ষে সুপার এইটের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ হারলেই বিশ্বকাপ আসর থেকে বাদ পড়বে নাজমুল হোসেন শান্তর দল। 

শনিবার (২২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। এর আগে, নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে পরাজিত হয় টাইগাররা।

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। বৈরি আবহাওয়ার কারণে পয়েন্ট ভাগাভাগি হলে সেক্ষেত্রে মেলাতে হবে নানা সমীকরণ। তবে শেষ দুই ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করতে চায় টাইগাররা, দলের পেসার তাসকিন আহমেদ এমনটিই জানিয়েছেন।

তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, বাংলাদেশ-ভারত ম্যাচেও হানা দিতে পারে বৃষ্টি। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বৃষ্টি কিছুটা হলেও ম্যাচে বাঁধার সৃষ্টি করতে পারে। ক্যারিবিয়ান দ্বীপে এখন চলছে বর্ষাকাল, তাই দুই দলের এই লড়াইয়ে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৈরি আবহাওয়া।

আকুয়া ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার মধ্য রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ম্যাচটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে। ভারত-বাংলাদেশ ম্যাচের সময় আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভবনাও রয়েছে। বিশেষ করে স্থানীয় সময় সকাল ১০-১১টার মধ্যে অল্প পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির কারণে খেলা সাময়িক সময়ের জন্য স্থগিত থাকতে পারে। তবে ম্যাচ পরিত্যক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়