ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

চকরিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৯, ১৩ আগস্ট ২০২৬

চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি`হ`ত ৪, আ`হত ৬

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

কক্সবাজারের চকরিয়ায় লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লোকাল জিপের (জিটু) মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), একই ইউনিয়নের সিয়ালকাটা এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারিয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে মো. রফিক (২৯) এবং একই উপজেলার নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে জিয়াবুল হক (২৫)।

আহতরা হলেন ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আব্দুস সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মো. সরোয়ার (১৯), একই এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০), চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া এলাকার বদরুদ্দোজার ছেলে দেলোয়ার হোসেন (৩৫) এবং টেকনাফ উপজেলার কিরনতলী এলাকার রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)। এছাড়া আরও একজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারমুখী লাল-সবুজ পরিবহনের একটি এসি বাস বেপরোয়া গতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি লোকাল জিপকে (জিটু) সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে জিপটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। জিপে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে প্রথমে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সামছুজ্জামান বলেন, অতিরিক্ত গতির একটি বাসের সঙ্গে বিপরীতমুখী জিপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কয়েকজনের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও জিপটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়