ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৭, ১৩ আগস্ট ২০২৬

মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মাগুরা সদর থানার মাত্র ৫০ গজের মধ্যে বেবি প্লাজা মার্কেটের পাঁচটি পোশাকের দোকানে শাটার ও তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। থানার এত কাছে একসঙ্গে পাঁচটি দোকানে চুরির ঘটনায় শহরের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বেবি প্লাজা মার্কেটে চুরির বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং চুরির ধরন ও বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করে তদন্ত শুরু করে।

চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী এবি সিদ্দিক জানান, বেবি প্লাজা মার্কেটটি মাগুরা সদর থানার একেবারে কাছেই অবস্থিত। প্রায় ৩০ বছর ধরে মার্কেটটি চালু থাকলেও এর আগে একসঙ্গে একাধিক দোকানে এ ধরনের চুরির ঘটনা ঘটেনি। থানার এত কাছে এমন ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মার্কেটের পরিচ্ছন্নতাকর্মী জাহানারা বেগম জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৬টা ৪৬ মিনিটের দিকে তিনি মার্কেট পরিষ্কার করতে আসেন। তখন কোনো দোকানের তালা ভাঙা বা শাটার খোলা দেখতে পাননি। তার ধারণা, সকাল ৭টার পর কোনো একসময় চুরির ঘটনা ঘটতে পারে।

পুলিশ ও ব্যবসায়ীদের তথ্যমতে, চোরেরা মার্কেটের বিভা জেন্টস গ্যালারি, ফ্যাশন গার্মেন্টস, প্লাস পয়েন্ট, আল রিয়াদ গার্মেন্টসসহ মোট পাঁচটি দোকানে প্রবেশ করে। তারা দোকানগুলোর শাটার ও তালা ভেঙে নগদ টাকা, পোশাক ও বিভিন্ন মালামাল নিয়ে যায়।

মার্কেট কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী নান্নু মুন্সি দাবি করেন, পাঁচটি দোকান থেকে প্রায় ১০ লাখ টাকার নগদ অর্থ ও মালামাল চুরি হয়েছে। এর মধ্যে ফ্যাশন গার্মেন্টস থেকে পাঁচ লাখ টাকার বেশি, আল রিয়াদ গার্মেন্টস থেকে প্রায় দুই লাখ টাকা এবং প্লাস পয়েন্ট থেকে প্রায় ৩০ হাজার টাকার মালামাল ও নগদ অর্থ চুরি হয়েছে। অন্য দোকানগুলো থেকেও নগদ টাকা, পোশাকসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

চুরির খবর ছড়িয়ে পড়লে সকালে মার্কেটটিতে ব্যবসায়ী ও স্থানীয়দের ভিড় জমে যায়। ভাঙা তালা ও শাটার দেখে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। ব্যবসায়ীরা বলেন, থানার এত কাছে যদি একসঙ্গে পাঁচটি দোকানে চুরি হয়, তাহলে শহরের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হওয়া স্বাভাবিক।

ঘটনার পর মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি চুরির ধরন ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে পাঁচটি দোকানের শাটার ও তালা ভেঙে চুরি হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই রহস্য উদঘাটন হবে।”

এদিকে, থানার কাছাকাছি এলাকায় এমন চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে মার্কেট ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার এবং রাত ও ভোরে পুলিশের টহল বাড়ানোরও দাবি জানান তারা।

ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনা ঘটায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে। দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের চুরির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়