ঢাকা, রোববার ১৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১ ১৪৩৩

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৪, ১৬ আগস্ট ২০২৬

মাতামুহুরীতে সন্ত্রাসী হামলায় পশু চিকিৎসকের মৃত্যু

পশু চিকিৎসক মেহেদী হাসান

পশু চিকিৎসক মেহেদী হাসান

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন। গত ১৫ আগস্ট রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসান সাকিব বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতডালিয়া পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৩ আগস্ট লবণ মাঠে কাজ করার সময় এক শ্রমিকের জুতা হারানোকে কেন্দ্র করে সাকিবের ভাইয়ের ওপর প্রথম দফায় হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তিনি নিজ এলাকা সাতডালিয়ায় ফিরে গেলে স্থানীয় হেলাল উদ্দিনের ছেলে ইমনের নেতৃত্বে আবারও তাঁর ওপর হামলা চালানো হয়। পরপর দুই দফা হামলার ঘটনায় বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য এলাকার সচেতন ব্যক্তিরা সালিশ বৈঠকের উদ্যোগ নেন। তবে অভিযুক্তরা বৈঠকে উপস্থিত না হয়ে সালিশ অমান্য করেন বলে স্থানীয়রা জানান।

বাড়িতে ঢুকে হামলা
সালিশ অমান্য করার পরদিন ১৫ আগস্ট সকাল ৭টার দিকে কাইফু ও ইমনের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র, দা, কিরিচ ও লোহার রড নিয়ে সাকিবের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাড়িতে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি সাকিবকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় সাকিব ছাড়াও ওয়াজ উদ্দিনের ছেলে আরফাত (২১) ও মোশাররফ (২৪) গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সাকিবকে চট্টগ্রামের এশিয়ান হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়।

সাকিবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, তারা ঘটনার বিষয়ে অবগত রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ