Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ৩০ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১১, ২৭ ডিসেম্বর ২০২৫

শ্রীমঙ্গলে প্রথম ফুটসাল ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন

শ্রীমঙ্গলে প্রথম ফুটসাল ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন। ছবি: আই নিউজ

শ্রীমঙ্গলে প্রথম ফুটসাল ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো চালু হলো আধুনিক সুবিধাসম্পন্ন ফুটসাল ইনডোর স্টেডিয়াম। মূলত তরুণ ও যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে স্টেডিয়ামটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা সার্ক-এর পরিচালক ও সাবেক কূটনীতিক তানভীর আহমেদ তরফদার। তিনি বলেন, “খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি মানসিক বিকাশ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেবে।”

ডা. মো. নাজেম আল কোরেশী রাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষক মো. সাইফুল ইসলাম, একাত্তর টিভির জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদ, সাবেক ফুটবলার আলতাফ হোসেন মুর্শেদ, রেফারি অ্যাসোসিয়েশনের মো. আবুল কাশেমসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও ফুটবলাররা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুটবলার মনি, মিজান, সালেহ, সাজিম, অলকসহ ক্রীড়াঙ্গনের পরিচিত মুখগুলো। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলার শমিত সোমের পরিবার।

অনুষ্ঠানের শুরুতে শ্রীমঙ্গল থানা জামে মসজিদের হাফেজ ক্বারী আব্দুল কুদ্দুস মিলাদ ও দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল, তরুণ সমাজের সুস্থ ভবিষ্যৎ এবং ক্রীড়াঙ্গনের অগ্রগতি কামনা করা হয়।

আয়োজকদের আশা, এই ফুটসাল ইনডোর স্টেডিয়াম শ্রীমঙ্গলসহ আশপাশের এলাকার তরুণদের জন্য খেলাধুলার একটি নিরাপদ ও প্রাণবন্ত কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইএন/এসএ

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়