Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২২ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৫০, ৩ ফেব্রুয়ারি ২০২৬

নারী ফুটবলে নতুন ইতিহাস

সাফ নারী ফুটসল চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে এভারেস্ট ফার্মার সংবর্ধনা

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দল গড়ল এক অনন্য ইতিহাস। গত ২৫ জানুয়ারি থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ নারী ফুটসল চ্যাম্পিয়নশিপের ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে শিরোপা জেতে লাল-সবুজের মেয়েরা। এই ঐতিহাসিক জয় দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

জাতির এই গৌরবময় সাফল্যকে সম্মান জানাতে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের তেজগাঁওয়ের প্রধান কার্যালয়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করে। সংবর্ধনা অনুষ্ঠানে দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক, চিফ অপারেটিং অফিসার (সিওও), মানবসম্পদ বিভাগের পরিচালক, ম্যানুফ্যাকচারিং ইউনিটের পরিচালকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের নারীরা আজ প্রমাণ করেছেন তারা শুধু দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দেশের জন্য গৌরব বয়ে আনতে সক্ষম। নারী ফুটবলারদের এই সাফল্য নতুন প্রজন্মের ক্রীড়াপ্রেমীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

বক্তারা আরও উল্লেখ করেন, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড বরাবরের মতোই দেশের স্বাস্থ্যখাতের পাশাপাশি ক্রীড়া অঙ্গনের অর্জনকে সম্মান জানাতে অঙ্গীকারবদ্ধ। গত আট বছর ধরে প্রতিষ্ঠানটি সামাজিক ও ক্রীড়া উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এই ঐতিহাসিক জয়কে দেশের ক্রীড়াক্ষেত্রের এক উজ্জ্বল মাইলফলক হিসেবে অভিহিত করেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে নারী ফুটবলের আরও সাফল্য কামনা করেন তারা।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়