Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৩ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:০৪, ৪ ফেব্রুয়ারি ২০২৬

নেপালকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের ওঠা ছিল সময়ের ব্যাপার মাত্র। গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ৮ গোলের কম ব্যবধানে হারলেও ফাইনাল নিশ্চিত ছিল লাল-সবুজের প্রতিনিধিদের। তবে হার তো দূরের কথা নেপালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই ফাইনালে জায়গা করে নিয়েছে পিটার বাটলারের শিষ্যরা।

মঙ্গলবারের এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে রাউন্ড রবিন লিগ শেষ করেছে বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

ফাইনাল প্রায় নিশ্চিত থাকায় এদিন একাদশে কিছু পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। তবুও ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই এগিয়ে যায় দল। মামনি চাকমার নেওয়া কর্নার ঠিকমতো তালুবন্দি করতে ব্যর্থ হন নেপাল গোলরক্ষক। সুযোগ কাজে লাগিয়ে বক্সের ওপর থেকে প্লেসিং শটে জাল কাঁপান প্রতিমা মুন্ডা-১-০ ব্যবধানে লিড নেয় বাংলাদেশ।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় নেপাল। তবে প্রথমার্ধের মাঝপথে শান্তি মারডি ও আলপি আক্তারকে মাঠে নামান বাংলাদেশ কোচ। এরপর পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাল-সবুজের মেয়েরা। প্রথমার্ধের যোগ করা সময়ে আলপি আক্তারের গোলে ব্যবধান বাড়িয়ে ২-০ করে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে নেপালের ঘুরে দাঁড়ানোর আর কোনো সুযোগ তৈরি হয়নি। কাউন্টার অ্যাটাক থেকে দুর্দান্ত দক্ষতায় গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি করেন আলপি আক্তার। এরপর আরও একটি গোল যোগ করলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। ম্যাচের শেষ দিকে একটি লাল কার্ড দেখে ১০ জনে পরিণত হয় নেপাল। বক্সের ঠিক বাইরে থেকে আলপির নেওয়া ফ্রি-কিক দারুণ দক্ষতায় রুখে দেন নেপাল গোলরক্ষক, ফলে হ্যাটট্রিক থেকে বঞ্চিত হন এই ফরোয়ার্ড।

পুরো টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ গোল করলেও নিজেদের জালে একটি গোলও হজম করেনি দলটি। ৬ পয়েন্ট নিয়ে ভারত দ্বিতীয়, ৩ পয়েন্ট নিয়ে নেপাল তৃতীয় এবং সব ম্যাচ হেরে ভুটান তলানিতে থেকে আসর শেষ করেছে। দিনের অন্য ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে ভারত।

সব মিলিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বহুল প্রত্যাশিত বাংলাদেশ-ভারত দ্বৈরথের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়