ঢাকা, বুধবার   ১৩ মে ২০২৬,   বৈশাখ ২৯ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:২৭, ১২ মে ২০২৬

ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে শান্তর দল

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে দুর্দান্ত জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো নিজেদের মাটিতে টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা। ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে মাত্র ১৬৩ রানে। ফলে বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় ১০৪ রানের বড় ব্যবধানে। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।

এর আগে পাকিস্তানের বিপক্ষে ১৫টি টেস্ট খেলেও মাত্র দুই ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে জেতা সেই দুই টেস্টের পর এবার মিরপুরে জয় তুলে নিয়ে টানা তিন টেস্টে পাকিস্তানকে হারানোর কীর্তি গড়ল টাইগাররা।

শুরুতেই ধাক্কায় পাকিস্তান

২৬৮ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই বিপদে পড়ে পাকিস্তান। তাসকিন আহমেদের দারুণ ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে ফেরেন ইমাম-উল-হক (২)। এরপর আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল দ্বিতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন।

তবে মেহেদী হাসান মিরাজ থিতু হয়ে যাওয়া আজানকে (১৫) বোল্ড করে জুটি ভাঙেন। এরপর পাকিস্তান অধিনায়ক শান মাসুদও ব্যর্থ হন। মাত্র ২ রান করে নাহিদ রানার গতির কাছে হার মানেন তিনি।

একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান আব্দুল্লাহ ফজল। তার ফিফটিতে ভর করে চা-বিরতিতে ৩ উইকেটে ১১৬ রান তোলে পাকিস্তান। তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ১৫২ রান।

চা-বিরতির পর বদলে যায় ম্যাচ

চা-বিরতির পরই ম্যাচে আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সেট ব্যাটার আব্দুল্লাহ ফজল। ৬৬ রান করা এই ব্যাটারের বিদায়ের সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।

পরের ওভারেই তাসকিন আহমেদের বলে স্লিপে সাদমান ইসলামের হাতে ক্যাচ দেন সালমান আলী আঘা (২৬)। এরপর শেষ সেশনে আগুন ঝরান তরুণ পেসার নাহিদ রানা।

তার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সৌদ শাকিল (১৫)। এরপর ১৪৭ কিলোমিটার গতির ভয়ংকর ইন-সুইঙ্গারে বোল্ড হন মোহাম্মদ রিজওয়ান। দ্রুত বিদায় নেন হাসান আলী ও নোমান আলীও।

শেষ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন নাহিদ রানা। ৫ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ আব্বাস।

নাহিদের পাঁচ উইকেটে দাপুটে জয়

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে সবচেয়ে সফল বোলার ছিলেন নাহিদ রানা। ৪০ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় পাঁচ উইকেট। এর আগে তার সেরা বোলিং ছিল ৬১ রানে ৫ উইকেট।

এ ছাড়া তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ নেন দুটি করে উইকেট। একটি উইকেট পান মেহেদী হাসান মিরাজ।

ব্যাটিংয়েও লড়েছে বাংলাদেশ

ম্যাচের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান করেছিল বাংলাদেশ। পঞ্চম দিনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮৭ রান করেন। মুমিনুল হক করেন ৫৬ রান। এছাড়া মুশফিকুর রহিম ২২, মেহেদী হাসান মিরাজ ২৪ ও তাসকিন আহমেদ ১১ রান যোগ করেন।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪১৩ রান। জবাবে পাকিস্তান অলআউট হয় ৩৮৬ রানে। প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়েই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ।

ইএন/এসএ

Green Tea
জনপ্রিয়