ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৭:০৬, ১১ জুন ২০২৬

মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা আজকের খেলা

আজ বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে। বাংলাদেশ সময় আজ গভীর রাতে (রাত ১টায়) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর ঐতিহাসিক ও ফুটবলের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত আজটেকা স্টেডিয়ামে (মেক্সিকো সিটি স্টেডিয়াম) ম্যাচটি অনুষ্ঠিত হবে।

১৬ বছর পর বিশ্বমঞ্চে আবারও পুনরাবৃত্তি হতে যাচ্ছে এই দুই দলের উদ্বোধনী লড়াইয়ের। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ দেড় মাসের এই ফুটবল উৎসবকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের মাঝে উন্মাদনা বিরাজ করছে। টেলিভিশন স্ক্রিন ছাড়াও বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনে সরাসরি দেখা যাবে উদ্বোধনী ম্যাচসহ টুর্নামেন্টের সবগুলো খেলা।

আজকের এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর আগের স্মৃতি নতুন করে ফিরে আসছে ফুটবল বিশ্বে। ২০১০ সালের ১১ জুন জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এই দুই দল ১-১ গোলে ড্র করেছিল। সেবার দক্ষিণ আফ্রিকার সিফিওয়ে শাবালালার দুর্দান্ত গোলের পর মেক্সিকোর রাফায়েল মার্কেজ গোলটি শোধ করেছিলেন। কাকতালীয়ভাবে, এবারের টুর্নামেন্টে মার্কেজ মেক্সিকো দলের সহকারী কোচ হিসেবে ডাগআউটে উপস্থিত থাকছেন। স্বাগতিক হিসেবে নিজেদের মাটিতে এবার মেক্সিকো পূর্ণ পয়েন্ট তুলে নিতে মরিয়া, অন্যদিকে দীর্ঘ বিরতি পর মূল পর্বে আসা দক্ষিণ আফ্রিকাও ছেড়ে কথা বলবে না।

উত্তর আমেরিকায় এর আগে তিনবার বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, যার অভিজ্ঞতা বিশ্ববাসীর জন্য বেশ বৈচিত্র্যময়। ১৯৭০ এবং ১৯৮৬ সালে মেক্সিকোর এই আজটেকা স্টেডিয়ামেই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। প্রথমবার ইতালিকে হারিয়ে ব্রাজিল এবং দ্বিতীয়বার জার্মানিকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় ব্রাজিল। ভৌগোলিক সময়ের পার্থক্যের কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ফুটবল অনুরাগীদের জন্য এবারের খেলা দেখার সময়সূচি কিছুটা ব্যতিক্রমী। বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে মধ্যরাত, ভোর কিংবা সকালে। ফলে আগামী দেড় মাস ফুটবলপ্রেমীদের রাতের ঘুম দিনের জন্য জমিয়ে রাখতে হবে।

মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি শেষ হওয়ার পরপরই গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিতে হবে দর্শকদের। আগামীকাল ১২ জুন সকাল ৮টায় মেক্সিকোর গুয়াদালাহারার অ্যাকরন স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় দল চেক প্রজাতন্ত্র।

গত বিশ্বকাপে গ্রুপ পর্বে পর্তুগালকে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া দক্ষিণ কোরিয়া এবারও বেশ শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে। অন্যদিকে, চেক প্রজাতন্ত্র দীর্ঘ দুই দশক পর অর্থাৎ ২০০৬ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে ফুটবল ইতিহাসে চেকোস্লোভাকিয়া হিসেবে দুইবার রানার্সআপ হওয়ার গৌরবময় অতীত রয়েছে দলটির। ফলে বিশ্বমঞ্চে তাদের প্রত্যাবর্তন কতটা শক্তিশালী হয়, তা দেখার জন্য মুখিয়ে আছেন ফুটবল বিশ্লেষকরা।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়