ঢাকা, সোমবার ২৭ জুলাই ২০২৬,   শ্রাবণ ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৬, ২৭ জুলাই ২০২৬

মার্শাল আর্ট ক্লাব কাপে আয়াত-আইরাহর বাজিমাত, জুসার ১৩ পদক

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

রাজধানী ঢাকার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬-এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে মৌলভীবাজারের জুসা মার্শাল আর্ট। ক্লাবটির দুই শিক্ষার্থী আয়াত রহমান ও আইরাহ রহমান ব্যক্তিগত ইভেন্টে পদক জয়ের পাশাপাশি ক্লাবের সামগ্রিক সাফল্যেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় ২৪ থেকে ২৬ জুলাই অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার প্রতিযোগীরা অংশ নেন। কারাতে কাতা ও কুমিতে (ফাইট) বিভাগে অংশ নিয়ে আয়াত ও আইরাহ নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখেন।

প্রতিযোগিতায় আয়াত রহমান কারাতে কাতা বিভাগে রৌপ্য পদক এবং কুমিতে (ফাইট) বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। অন্যদিকে, আইরাহ রহমান কারাতে কাতা বিভাগে স্বর্ণ পদক এবং কুমিতে (ফাইট) বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেন।

এবারের আসরে মৌলভীবাজারের জুসা মার্শাল আর্টের প্রতিযোগীরা মোট ১৭টি ইভেন্টে অংশ নেয়। চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে তারা সর্বমোট ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ মোট ১৩টি পদক অর্জন করে জেলার জন্য গৌরব বয়ে আনে।

শিক্ষার্থীদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে জুসা মার্শাল আর্টের পরিচালক ও প্রধান প্রশিক্ষক মাসরুর খান বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই অর্জন পুরো মৌলভীবাজারের জন্য গর্বের। আয়াত ও আইরাহ অত্যন্ত পরিশ্রমী। তাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলা ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণে আগ্রহী করে তুলবে। সঠিক দিকনির্দেশনা পেলে তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমার বিশ্বাস।”

আয়াত ও আইরাহর বাবা, শ্রীমঙ্গল উপজেলার ইস্পাহানি কোম্পানির জেরিন চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. ওবায়দুর রহমান বলেন, “সন্তানদের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। ছোটবেলা থেকেই তারা মার্শাল আর্টের প্রতি আগ্রহী ছিল। নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম এবং প্রশিক্ষকদের সহযোগিতার ফলেই তারা এই সাফল্য পেয়েছে। আমরা চাই, তারা ভবিষ্যতে দেশের জন্য আরও বড় গৌরব বয়ে আনুক।”

শিক্ষার্থীদের মা, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা কানিজ ফাতেমা তুজ জোহরা বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শিশুদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। এ ধরনের অর্জন তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।”

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়