ঢাকা, রোববার ২৬ জুলাই ২০২৬,   শ্রাবণ ১১ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৯, ২৬ জুলাই ২০২৬

সিলেটে ২৯০ ইয়াবা ও ১.৫৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্থখলা এলাকায় অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

র‍্যাব-৯ জানায়, শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল জানতে পারে যে, দক্ষিণ সুরমা থানার ভার্থখলা মসজিদ মার্কেটের পেছনে নদীর তীরে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালায় র‍্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নদীর তীরে একটি ঘরের খাটের তোশকের নিচে রাখা দুটি কালো রঙের বায়ুরোধক জিপারযুক্ত প্যাকেট থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাজারের ব্যাগে থাকা পলিথিন থেকে ১.৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মৃত আবু তাহেরের ছেলে মো. আকবর হোসেন (৩৮), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গুচ্ছগ্রাম, পানছড়ি মাঠ এলাকার বজরু মিয়ার ছেলে মো. মোতালিব মিয়া (২২) এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার বরাইদ-মেদোয়ারী এলাকার মফিজ উদ্দীনের ছেলে মো. সাহিন (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা পরস্পরের যোগসাজশে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দকৃত আলামত দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়