ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৭, ২১ মে ২০২০
আপডেট: ২০:০৬, ২১ মে ২০২০

মৌলভীবাজারে চিকিৎসক-নার্স, সাংবাদিকসহ ২২ জন করোনায় আক্রান্ত

মৌলভীবাজারে বৃহস্পতিবার (২১ মে) নতুন করে একদিনে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  একইদিনে পুরাতন ৫ জন রোগীর দ্বিতীয়বার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

বৃহস্পতিবার ঢাকার পিসিআর ল্যাব থেকে নতুন ২২ জন ও পুরাতন ৫ জনসহ সর্বমোট ২৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

আইনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন ২২ জনসহ ২৭ জনের রিপোর্ট নিশ্চিত করেছে আই নিউজ। এর আগে বিকেল পর্যন্ত ১৩ জনের নিশ্চিত তথ্য পাওয়া যায়।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়- শনাক্তদের মধ্যে বড়লেখায় ৩ জন চিকিৎসক, জুড়ীতে ৩ জন নার্স এবং মৌলভীবাজার সদরের একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

এছাড়া কমলগঞ্জে একজন সাংবাদিকসহ ১০ জন, রাজনগরে ২ জন, মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে ১ জন এবং শ্রীমঙ্গলে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।  

এ নিয়ে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নমুনা সংগ্রহ করা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী জেলার করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ জন।

উল্লেখ্য- গত ১৩ এপ্রিল ঢাকায় আক্রান্ত হয়ে মারা যান মৌলভীবাজারের শ্রমিক লীগ নেতা সৈয়দ মফচ্ছিল আলী। আইইডিসিআর তাকে মৌলভীবাজারের রোগী হিসেবে তালিকায় রেখেছে। এছাড়া এপ্রিল মাসে বড়লেখার এক চানাচুর বিক্রেতা স্থানীয়ভাবে উপসর্গ নিয়ে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হলে, সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। মৌলভীবাজারের করোনা রোগী হলেও তাকে সিলেটের তালিকায় রাখা হয়েছে। এরইমধ্যে তিনি সুস্থ হয়ে উঠেছেন। এই দুইজন হিসেব করলে মৌলভীবাজারের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৫ জন।

এদিকে গত ৪ এপ্রিল রাজনগরে সানচু মিয়া নামে এক পান সিগারেট দোকানদার মারা যান। তিনি জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী ছিলেন।

এইচকে/ আই নিউজ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়