ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১১, ৯ জুন ২০২০

বড়লেখায় করোনার উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় করোনার উপসর্গ নিয়ে অনুরঞ্জন দেবনাথ (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার রাতে সিলেট নর্থইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত অনুরঞ্জন দেবনাথ বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার বাসিন্দা। সোমবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, অনুরঞ্জন দেবনাথ দীর্ঘদিন থেকে কিডনি জটিলতায় ভুগছিলেন। এছাড়া তার শ্বাসকষ্টও ছিল। সম্প্রতি তার করোনার উপসর্গ জ্বর ও কাশি দেখা দেয়। গত ৬ জুন উপজেলা স্বাস্থ্য বিভাগ তার করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়। তবে এখনও তার নমুনা পরীক্ষার প্রতিবেদন আসেনি।এরইমধ্যে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বজনরা তাকে সিলেট নর্থইস্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (৭ জুন) রাতে তিনি মারা যান।

এ ব্যাপারে বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস সোমবার (৮ জুন) বিকেলে বলেন, ওই ব্যবসায়ীর করোনার উপসর্গ ছিল। গত ৬ জুন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এখনও প্রতিবেদন আসেনি। এরই মধ্যে তার শ্বাস কষ্ট বেড়ে গেলে স্বজনরা তাকে সিলেট সিলেট নর্থইস্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত রোববার রাতে মারা যান। সোমবার স্বাস্থ্যবিধি মেনে ওই ব্যবসায়ীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

তবে তিনি করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কি না, তা নমুনা পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, ওই ব্যবসায়ীর পরিবারকে হোম-কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়