ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ২১ জুন ২০২০
আপডেট: ২৩:২৭, ২১ জুন ২০২০

একনেকে পাশ হলো ৯৯৬ কোটি টাকার মনু নদী প্রকল্প

একনেকে (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) পাশ হয়েছে ৯৯৬ কোটি টাকার মনু নদী প্রকল্প।

আজ (২১ জুন) একনেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে `মনু নদীর ভাঙ্গণ থেকে মৌলভীবাজার জেলার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলা রক্ষা’ শীর্ষক এ প্রকল্পে ৯৯৬ কোটি ২৮ লাখ টাকা পাশ হয়েছে।

২০ বছর পর এই প্রথম মনু নদীতে কোনো প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে। এর আগে যে প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছিলো- সেগুলো ছিলো ছোট ছোট প্রকল্প। এটাই মনু নদীর ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রকল্পে রয়েছে- ৩০ দশমিক ২৪ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ কাজ। প্রকল্পের আওতায় ৩টি উপজেলায় ভাঙ্গণপ্রবণ ৬৭টি স্থানে  ৩০ দশমিক ২৪ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে।

এছাড়া প্রকল্পের আওতায় ৮৫ দশমিক ৯১ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পূণর্বাসন কাজ। শহর রক্ষার জন্য আছে শহরের কুসুমবাগ এলাকার এসআর প্লাজা থেকে শাহবন্দর পর্যন্ত ২ দশমিক ৫০ কিলোমিটার দীর্ঘ আরসিসি ফ্লাড ওয়াল নির্মাণ এবং  ৭৬৬ মিটার বিদ্যমান ফ্লাড ওয়াল পূণর্বাসন। এতে ৭৬৬ মিটার বিদ্যমান ফ্লাড ওয়ালের উচ্চতা বাড়ানো হবে এবং নীচে হেভি শিট দিয়ে মজবুত করা হবে।

প্রকল্পে ১২ দশমিক ১১ কিলোমিটার চর অপসারণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মৌলভীবাজারবাসীর দীর্ঘ প্রতিক্ষিত এ প্রকল্পটি পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেছার আহমদ এমপি এবং পৌর মেয়র ফজলুর রহমান।  

এইচকে/ আই নিউজ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়