ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩০, ২৪ জুলাই ২০২০

কমলগঞ্জে নিখোঁজের ২দিন পর নদ থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের ত্রিপুরা সীমান্তবর্তী একটি পাহাড়ি ছড়ায় নিখোঁজের ২ দিন পর চা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বেলা ১টায় ধলই চা বাগান থেকে ১৪ কি.মি. দূরে কমলগঞ্জ পৌরসভা এলাকায় ধলই রেল সেতুর নিচে পানিতে ভাসমান অবস্থায় চা শ্রমিক রামেশ্বর গড় (৪৫)-এর লাশ উদ্ধার হয়েছে। 

এলাকাবাসী ধলই নদে ভাসমান অবস্থায় লাশটি দেখে কমলগঞ্জ থানায়  অবহিত করলে শুক্রবার বেলা ১টায় কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী দলের সদস্যরা চা শ্রমিক রামেশ্বর গড়ের লাশ উদ্ধার করে।

জানা যায়, গত বুধবার বিকাল ৪টায় ধলই সীমান্তে ধলই নদের সাথে যুক্ত একটি পাহাড়ি ছড়াতে নেমে নিখোঁজ  হয়েছিল ২ সন্তানের জনক চা শ্রমিক রামেশ্বর গড়। বুধবার বিকাল থেকে ধলই চা বাগানের শ্রমিকরা ছড়ার বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পায়নি। পরদিন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ও পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশের ঘটনাস্থাল পরিদর্শন করে চা শ্রমিক, পুলিশ ও অগ্নি নির্বাপক দল সমন্বয়ে খোঁজ  করেও তাকে পায়নি।

শুক্রবার সকালে সিলেট থেকে  হুমাইয়ূন কার্নাইন-এর নেতৃত্বে ডুবুরীদের একটি দল ও কমলগঞ্জের অগ্নি নির্বাপক দল ধলই সীমান্তে ঘটনাস্থলে আবারও উদ্ধার অভিযান চালায়। তবে বেলা ১১টার দিকে ধলই সীমান্ত থেকে ১৩ কি.মি. দূরে কমলগঞ্জ পৌরসভার ধলই রেল সেতুর নিচে ধলই নদের পানিতে ভাসমান অবস্থায় নিখোঁজ  চা শ্রমিক রামেশ্বর গড়ের লাশ পাওয়া যায়।

খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বাপক দলের আরও একটি দল লাশটি উদ্ধার করেন। নিখোঁজ  রামেশ্বর গড়ের ভাই বাবুল গড় লাশটি শনাক্ত করেন। পরে পুলিশ লাশটি কমলগঞ্জ থানায় নিয়ে যায়। সেখান থেকে পরিবার সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, নিখোঁজ  হওয়ার স্থান পাহাড়ি ছড়া ও ধলই নদে প্রচুর পানি ও স্রোত থাকায় তার লাশটি ১৪ কি.মি. দূরে এসেছে। পরিবার সদস্যদের আবেদনে লাশটি তাদের কাছে হস্তান্তর করলে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

আইনিউজ/এসএম/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়