ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৯, ২১ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৭:১৯, ২১ ডিসেম্বর ২০২০

মুক্তিযুদ্ধকালীন নির্যাতন কক্ষ আজও কালের সাক্ষী

পিটিআই এর টর্চার সেল

পিটিআই এর টর্চার সেল

মৌলভীবাজার শহরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট ছিল পাক বাহিনীর এই অঞ্চলের ব্রিগেড হেড কোয়ার্টার। যুদ্ধকালীন হানাদার বাহিনীর টর্চার সেল হিসেবে পরিচিত বাংকারটি পিটিআইতে মাটি চাপা অবস্থায় আজও সাক্ষী হয়ে আছে।   

মৌলভীবাজার শহরের বনবিথি এলাকায় অবস্থিত পিটিআই। টর্চার সেল নির্মাণের জন্য এই স্থানটি বেছে নেয় পাকবাহিনী। মাটির নিচে দুই কক্ষ বিশিষ্ট বাংকারটি নির্মাণ করা হয় নির্যাতন ও হত্যার উদ্দেশ্যে। ৩০ ফুট বাই ২৫ ফুটের বাংকারের গভীরতা ১০ ফুট। 

এই রুমগুলোর  সঙ্গে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুরতা এবং সাধারণ মানুষের আত্মত্যাগের কাহিনী। এই ভবনে থাকতেন বিগ্রেডিয়ার ইফতেখার রানা। নয় মাসের রক্ত ঝরানো সময়কে ধারণ করা বাংকারটি নতুন প্রজন্মের চোখের আড়াল হয়ে আছে।

অরক্ষিত অবস্থায় অযত্ন অবহেলায় তালাবদ্ধ রাখা হয়েছে স্থানটি । বাংলাদেশের বিজয়ের ৪৯ বছর পেরিয়ে গেলেও বাংকারটি পরিকল্পিতভাবে সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মারক হিসেবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 

মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একাত্তরে পিটিআই কেন্দ্র ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রিগেড সদর দপ্তর। এখানে তারা মাটি খনন করে একটি পাকা বাংকার নির্মাণ  করেছিল। হানাদার বাহিনী পিটিআই কেন্দ্র ও বাংকারে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনদের ধরে এনে অমানুষিক নির্যাতন করত।

অনেককে হত্যা করে পাশের কুয়ায় ফেলে দিত। মুক্তিযুদ্ধের পুরো সময় বাংকারটি ছিল নির্যাতনের কেন্দ্রস্থল। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নির্যাতিত মানুষের চিৎকার ও আর্তনাদ ছিলো প্রতিদিনকার ঘটনা।

মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আজিজুর রহমানকে সেখানে আটকে রেখে নির্যাতন করেছিল পাকিস্তানি বাহিনী। তখন তিনি মৌলভীবাজার মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে গঠিত মহকুমা সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন। 

নাট্যব্যক্তিত্ব আসম সালেহ সোহেল জানান- মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও বিভিন্ন স্থান, বধ্যভূমি এগুলো সংরক্ষণ জরুরী। পিটিআইয়ে অবস্থিত এ টর্চার সেলটি সংরক্ষণ করে নতুন প্রজন্মকে এর সাথে পরিচয়ের সুযোগ তৈরি করে দিতে হবে।

এই সেই টর্চাল সেল যেখানে পাশবিক নির্যাতন চালাত পাকিস্তানিরা

বর্তমান অবস্থায় বাংকারের ছাদে ফুলের টব সাজিয়ে রাখা হয়েছে। ফাঁকা অংশেও নানা জাতের ফুলগাছ লাগানো হয়েছে। সেখানে কোনো ফলক নেই। দেখে মনে হয় অনেক মজবুত, কিন্তু ধীরে ধীরে ভবনটি দুর্বল হয়ে যাচ্ছে।

পিটিআই ইন্সট্রাক্টর ও মুক্তিযুদ্ধ গবেষক দীপংকর মোহান্ত জানান- মুক্তিযুদ্ধ শুরুর সময় পাকিস্তানি হানাদার বাহিনী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ( পিটিআই) এ অবস্থান নেয়। এখানে মাটি খনন করে মাটির নিচে একটি টর্চার সেল নির্মাণ করে। যুদ্ধ চলা অবস্থায় তারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ  হত্যা ও নারীদের ধর্ষণ- নির্যাতন করতো। বর্তমানে এই টর্চার সেল ভগ্নদশায় রয়েছে।  বৃষ্টির পানি প্রবেশ করে দেয়াল ও ছাদ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন দফতের যোগাযোগ অব্যহত রেখেছি,  বিভিন্ন জায়গায় আবেদন করেছি কোন কাজ হচ্ছে  না।

আমরা দাবী জানাই জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রশাসক উদ্যোগী হয়ে ঐতিহাসিক এই স্থান সংরক্ষণ করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এই স্থানটি সংরক্ষণ করে বাংকারের উপরে একটি ভাস্কর্য এবং ভিতরে মুক্তিযুদ্ধ জাদুঘরের দাবী জানাই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের  অধ্যাপক তপন পালিত  বলেন, মৌলভীবাজার প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউটে পাকিস্তানি বাহিনী ব্রিগেড হেড কোয়ার্টার স্থাপন করে। এখানে জেলার বিভিন্ন স্থান থেকে  লোকজনকে ধরে এনে বন্দি করে রাখা হতো এবং নির্যাতন শেষে গুলি করে হত্যা করে লাশ ফেলে দেওয়া হতো কুয়ার ভিতরে কিংবা পার্শ্ববর্তী পাহাড়ের জঙ্গলে।

কত নারীর সম্ভ্রম লুট হয়েছে এই ভবনে তার হিসাব নেই। বর্তমানে এই স্থানটি তালাবদ্ধ অবস্থায় থাকলেও অরক্ষিত। এখানে নির্যাতনের বিবরণসহ একটি স্মৃতি ফলক স্থাপন করা প্রয়োজন। সর্বসাধারণের জন্য তা উন্মুক্ত করে দিতে হবে যাতে মানুষ এই ভয়াবহ গণহত্যা সম্পর্কে জানতে পারে।

নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন এই স্থানটি সম্পর্কে আমি পুরোপুরি অবগত নই, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে, এর রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আবেদন করবো।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়