ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৮, ২২ ডিসেম্বর ২০২০
আপডেট: ০০:২৩, ২৩ ডিসেম্বর ২০২০

৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কবুতর পৌঁছাল আপন নীড়ে

কবুতরের দৌড় প্রতিযোগিতা

কবুতরের দৌড় প্রতিযোগিতা

ঘোড়দৌড়, উটের দৌড় এমনকি কুকুরের দৌড় প্রতিযোগিতারও আয়োজন হয়। কিন্তু কবুতরের দৌড় প্রতিযোগিতা হয়, এমনটা শোনেন নি অনেকেই।  হ্যাঁ, মৌলভীবাজারে গত ৯ বছর ধরে আয়োজন করা হচ্ছে কবুতর দৌড় প্রতিযোগিতা।  

৫৫ কিলোমিটার দূর থেকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া কবুতরগুলো পৌঁছে যাবে তাদের আপন নীড়ে। সেখানে অপেক্ষায় আছেন  কবুতরের মালিকরা আর ভাবছেন কখন ফিরবে তারা। কেননা যে আগে পৌঁছবে ঘরে, সেইতো বসবে বিজয়ীর আসনে। 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামের সৌখিন খামারীর ২২৫টি হোমার রেসার প্রজাতির কবুতর বাক্সবন্দী হয়ে এসেছিল কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। এই মাঠ থেকেই শুরু হয় তাদের প্রতিযোগিতা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টায় শুরু হয় প্রতিযোগিতা। ৩০ মিনিটে আকাশ পথে ৫৫ কিলোমিটার পাড়ি দিয়ে কবুতরগুলো বড়লেখায় তাদের নিজ নিজ ঘরে পৌঁছাতে সক্ষম হয়।

প্রতিযোগিতাটির আয়োজন করেছে বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাব। এসময় বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উপদেষ্টা বদরুল ইসলাম, বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের সভাপতি কামরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ,সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, সাংবাদিক সালাউদ্দিন, সাংবাদিক রুহুল ইসলাম হৃদয়, বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের সদস্য কামরুল ইসলাম,মোনায়েম খান, আক্তার হোসেন, আব্দুস ছালাম, ইউনুছ কাওছার, বদরুল ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই প্রতিযোগিতায় অনেক কবুতরপ্রেমী অংশ নিয়েছেন। উপস্থিত সকলেই এই আয়োজনকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, এই কবুতর দৌড় প্রতিযোগিতা শুরু হয় গত ১০ ডিসেম্বর।সেদিন বড়লেখা থেকে জুড়ী উপজেলায় প্রতিযোগিতায় অংশ নেয় কবুতরগুলো। এরপর ১৪ ডিসেম্বর বড়লেখা থেকে  কুলাউড়া, ১৮ ডিসেম্বর বড়লেখা থেকে কটারকোনা, মঙ্গলবার (২২ ডিসেম্বর) কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বড়লেখা সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। 

আগামী শনিবার (২৬ ডিসেম্বর) শ্রীমঙ্গল সখিনা সিএনজি স্টেশনের সামনে থেকে বড়লেখা পর্যন্ত ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়