ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

এ.জে লাভলু, বড়লেখা 

প্রকাশিত: ০৭:১৩, ২৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ০৭:১৬, ২৮ ডিসেম্বর ২০২০

পৌর নির্বাচন

আজ বড়লেখায় ভোট উৎসব

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আজ ভোট উৎসব। প্রথম ধাপে সোমবার (২৮ ডিসেম্বর) এ পৌরসভায় ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এসব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

বড়লেখা পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। এজন্য সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পাশাপাশি ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়েও ভোটারদের মাঝে সংশয় রয়েছে।   

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ১০টি কেন্দ্রে ৪৩টি ভোট কক্ষে (বুথের) ভোট গ্রহণ হচ্ছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৯২০ জন।

জানা গেছে, বড়লেখা পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন)।

আওয়ামী লীগ প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেন, গত ৫ বছরে পৌরসভার ব্যাপক উন্নয়ন হয়েছে। যার সুফল পৌরবাসী ভোগ করছেন। এখনও অনেক উন্নয়ন কাজ চলমান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ আবার নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে বলে আমি বিশ্বাস করি। পুনরায় নির্বাচিত হলে বড়লেখাকে একটি মডেল পৌরসভা হিসেবে রূপান্তিরত করবো।  

বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, ভোটের পরিবেশ এখনও ভালো রয়েছে। এখন যদি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তবে আমি জয়ী হবো বলে আশাবাদী। 

স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলাম বলেন, মোবাইলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দলমত নির্বিশেষে মানুষজন আমার জন্য কাজ করছেন। আমি প্রার্থী হওয়ায় সাধারণ মানুষ খুবই উচ্ছ্বসিত। আমি নির্বাচিত হলে বড়লেখা পৌরসভার যত সমস্যা আছে সেগুলো দ্রুত সমাধানের পাশাপাশি বড়লেখাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে বলেন, বড়লেখায় প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। বড়লেখা পৌরসভার ১০টি ভোটকেন্দ্রে ৪৫টি বুথে ভোটগ্রহণ হবে। এসব কেন্দ্রে ভোটার সরঞ্জাম পাঠানো হয়েছে। তিনি বলেন, নির্বাচনের দিন ১০টি ভোটকেন্দ্রে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি ছাড়াও মাঠে র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা কাজ করবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের লক্ষ্যে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি ভোটাররা নির্বেঘ্ন ভোট দিতে আসবেন। 

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়