ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

এ.জে লাভলু, বড়লেখা

প্রকাশিত: ১৫:১৭, ২৯ ডিসেম্বর ২০২০

বড়লেখায় রেকর্ড গড়লেন কামরান!

দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন আবুল ইমাম মো. কামরান চৌধুরী

দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন আবুল ইমাম মো. কামরান চৌধুরী

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

বড়লেখা পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ার রেকর্ড আর কারও নেই।

এর কারণ হিসেবে স্থানীয়রা বলছেন, গেল ৫ বছরে আবুল ইমাম মো. কামরান চৌধুরী পৌর এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। যার কারণে সাধারণ মানুষ দ্বিতীয়বারের মতো তাকে মেয়র হিসেবে নির্বাচিত করেছেন।

সূত্র জানায়, ২০০১ সালে ৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তন নিয়ে বড়লেখা পৌরসভা গঠিত হয়। পৌরসভা গঠনের পর ২০০২ সালে বড়লেখা পৌরসভার প্রথম নির্বাচন হয়। ওই নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক দলীয় সমর্থনে পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। ওই বছরের ১১ জুন তিনি দায়িত্বভার গ্রহণ করেন। ২০০৮ সালের পয়লা ডিসেম্বর পর্যন্ত আমৃত্যু টানা সাড়ে ৬ বছর তিনি দায়িত্ব পালন করেন।

এরপর দুই বছরের বেশি সময় প্যানেল মেয়র মো. মতিউর রহমান ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে দ্বিতীয়বারের মতো পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপি প্রার্থী ফখরুল ইসলাম জয়লাভ করেন।

২০১৫ সালে তৃতীয়বারের মতো বড়লেখা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে আবুল ইমাম মো. কামরান চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করেন। এদিকে গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) চতুর্থবারের মতো বড়লেখা পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী বিপুল ভোটে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।

উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীকে আবুল ইমাম মো. কামরান চৌধুরী পেয়েছেন ৫৯৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৩০৮৬। আর বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৯৪ ভোট।

এক প্রতিক্রিয়ায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী জানান, মানুষের প্রতি আমার বিশ্বাস ছিল যে তারা আমাকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তারা আমার বিশ্বাসের মূল্য দিয়েছেন। এজন্য আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সবার প্রতি কৃতজ্ঞ।

প্রসঙ্গত, বড়লেখা পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে। নির্বাচনে মেয়র পদে ৩ জন আর কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৯২০ জন। ৯টি সাধারণ ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডের ১০ ভোটকেন্দ্রে ৯৭০১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়