ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

আব্দুর রব

প্রকাশিত: ১৬:৩৯, ৩১ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৬:৪২, ৩১ ডিসেম্বর ২০২০

নতুন বছরে সিলেট রুটে চলবে বিআরটিসি বাস

বিআরটিসি বাস

বিআরটিসি বাস

সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট- হবিগঞ্জ রুটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিসি বাস উদ্বোধনের পরপরই যেনো উচ্ছ্বসিত এই জনপদের মানুষ। দীর্ঘদিনের চাওয়া স্বপ্নপূরণের মতো বাস্তবায়ন হওয়ায় আনন্দের বহিঃপ্রকাশ দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র ।

সাময়িক বন্ধের পর ২০২১ সালের ১ জানুয়ারি থেকে সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট- হবিগঞ্জ  রুটে বিআরটিসি বাস চলাচলে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন  সিলেট  বিভাগীয় কমিশনার ও বিআরটিসি কর্তৃপক্ষ।

সিলেট অঞ্চলের বিভিন্ন  সড়কগুলো প্রশস্ত ও উন্নত হলেও গণপরিবহনগুলো ততটা উন্নত ও আধুনিক নয়। বাধ্য হয়ে পুরোনো গণপরিবহনেই ভরসা করতে হয় যাত্রীদের।

দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সিলেটের বিভিন্ন সড়কে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি)  নতুন বাস নেমেছে । এসব বাস চলাচল শুরু করায় শ্রীমঙ্গল, মৌলভীবাজার,  হবিগঞ্জ, সিলেট এলাকার  মানুষ আনন্দিত।  

উদ্বোধনের পরপর নানা জটিলতা ও স্থানীয় পরিবহন শ্রমিকদের বাঁধার মুখে পড়ে সরকারি এ পরিবহন।  বিআরটিসি বাস ভাংচুর ও দায়িত্বরত ম্যানেজার লাঞ্ছনার শিকার হন।

এই ঘটনায় সচেতন নাগরিক, সমাজকর্মী ও সংস্কৃতিকর্মীরা বিভিন্ন ভাবে প্রতিবাদ জানিয়েছেন।  তারা আহবান জানান এই নৈরাজ্য এখনই বন্ধ করতে হবে। তারা দাবি জানান, সরকারি সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংসের পায়তারা করছে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার।   

পরিবহন শ্রমিকদের বাধার কারণে কয়েকদিন বন্ধ  থাকলেও,পরিবহন শ্রমিক নেতা ও বিআরটিসি কর্তৃপক্ষের আলোচনার প্রেক্ষিতে পুনরায় সিলেটের বিভিন্ন রুটে যাত্রা শুরু করছে বিআরটিসির এই আধুনিক ও আরামদায়ক বাস।

সিলেটের বিভিন্ন রুটে বাস চলাচল শুরুর আনন্দে এই অঞ্চলের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর কিছু অংশ এখানে তুলে ধরা হলো-

সাংবাদিক ও পরিবেশকর্মী নুরুল ইসলাম লিখেছেন- "দুর্ভোগের নেই অবসান, খানিক সুবিধা বৃদ্ধি। এ সুযোগে যাত্রী সাধারণকে অবহেলা, বঞ্চনাকারীদের বোধোদয় হতে পারে। বিআরটিসির এ রুট দীর্ঘায়ূ লাভ করুক তবেই স্বৈরশাসনে ধাক্কা লাগবে"

রাজনীতিক ও সমাজকর্মী  হাসান আহমদ রাজা লিখেছেন- "আমাদের আন্দোলন ও দাবির বাস্তবায়ন হয়েছে ভালো লাগলো "।

শিক্ষিকা রুমানা চৌধুরী লিখেছেন- "অনেক দিন পরে বেশ ভালো একটা খবর শুনলাম, অনেক দিনের পরে সেই প্রত্যাশিত বাস তুমি এলে।''

সংস্কৃতিকর্মী চিত্রা দত্ত লিখেছেন- "যাক একটা  খুব ভালো  খবর  পাওয়া গেল, হবিগঞ্জের বাস মালিক  সমিতি চালাইতে দিলেই হলো।''

সংস্কৃতিকর্মী প্রত্যুষ তালুকদার লিখেছেন- "সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জ অঞ্চলের মানুষের জন্য বছরের শেষে কিছুটা স্বস্তির খবর। সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট- হবিগঞ্জ রুটে ১২টি নতুন এসি বাস চালু করলো বিআরটিসি। আশাকরি, এবার যাত্রী ভোগান্তির অবসান হবে..."

বিআরটিসি কর্তৃপক্ষ জানায় মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে প্রতিদিন ৬টি করে মোট ১২টি গাড়ি চলবে। বাসগুলো ছাড়বে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী থেকে। তবে প্রথম পর্যায়ে এই দুইরুটে দুইটি করে মোট চারটি গাড়ি চলাচল করবে।

পরবর্তীতে এই রুটে একে একে করে মোট ১২টি গাড়ি চলাচল করবে বলেও বিআরটিসি সিলেট ডিপো সূত্র জানায়। প্রাথমিক অবস্থায় চালু হওয়া সবগুলো বাসই শীততাপ নিয়ন্ত্রিত।

সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল রুটের ভাড়া যথাক্রমে ২৩৫ টাকা (শ্রীমঙ্গল) ও ১৮০ টাকা (মৌলভীবাজার) এবং সিলেট-হবিগঞ্জ রুটের এসি গাড়ির ভাড়া ২৭৭ টাকা। তবে শীতকালীন সময়ে সিলেট-হবিগঞ্জ রুটের এসি বাসের ভাড়া নেয়া হবে ১৮০ টাকা ও মৌলভীবাজারে ১৪০ থেকে ১৬০ টাকা ও শ্রীমঙ্গল পর্যন্ত ১৭০ থেকে ১৮০ টাকা পর্যন্ত নেয়ার পরিকল্পনা রয়েছে বিআরটিসি কর্তৃপক্ষ।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়