ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৮, ৬ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:৪৯, ৬ জানুয়ারি ২০২১

দোকানের নাম ‘শেখ হাসিনা স্টোর’!

শেখ হাসিনা স্টোরের সাইনবোর্ড

শেখ হাসিনা স্টোরের সাইনবোর্ড

সিলেট নগরের লালদিঘীর পাড় এলাকার একটি দোকানের নাম শেখ হাসিনা স্টোর। সাইনবোর্ডে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও জুড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সিলেট জুড়ে দেখা দেয় তোলপাড়।

জানা গেছে, মঙ্গলবার (৫ জানুয়ারি) ‘শেখ হাসিনা স্টোর’ নামে সাইনবোর্ড টাঙিয়ে দেন দোকান মালিক সাইফুর হোসেন সাজ্জাদ।

বিষয়টি নজরে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হয়ে আপত্তি জানান। এনিয়ে দেখা দেয় উত্তেজনা । পরে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ গিয়ে সাইনবোর্ডটি খুলে দেয়। এমনকি দোকান মালিকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রিও (জিডি) করা হয়।

এ বিষয়ে দোকান মালিক সাইফুর হোসেন সাজ্জাদ বলেন, আমি শেখ হাসিনাকে পছন্দ করে। ছোটবেলা থেকেই আমি তার অনুসারী। এই ভালোবাসা থেকেই নিজের দোকানের নাম প্রধানমন্ত্রীর নামে দিয়েছি। এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য নেই।

তিনি আরও বলেন, অনেকেই আমাকে ভুল বুঝছে। আমি আজকেও মাসুক ভাইয়ের (মহানগর আওয়ামী লীগে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ) বাসায় গিয়ে তাকে বিষয়টা বুঝিয়ে এসেছি। এখন পুলিশ ফাঁড়িতে যাচ্ছি।

পুলিশ সূত্রে জানা গেছে, নগরের লালদিঘীর পাড় নতুন মার্কেটের বি ব্লকে চা-পাতার দোকান দিয়ে ব্যবসা করেন সাইফুর হোসেন সাজ্জাদ। তিনি ওরিয়ন টি-কোম্পানি লিমিটেড ও মডার্ন ফুড লিমিটেডের ডিলার।

এদিকে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সাইফুর হোসেন সাজ্জাদের কোনো ট্রেড লাইসেন্স নেই। তিনি তার অবৈধ ব্যবসা চালানোর জন্য প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করেছেন।

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মুহিউদ্দিন বলেন, স্থানীয় ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের দেয়া খবরের ভিত্তিতে ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং সাইনবোর্ডটি খুলে নিয়ে আসে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়