ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৯, ৯ জানুয়ারি ২০২১
আপডেট: ১৯:২২, ৯ জানুয়ারি ২০২১

‘নির্বাচন অনুষ্ঠানে জটিলতা সৃষ্টি করছেন বিরোধীদলীয় মেয়ররা’

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ বলেছেন- মেয়াদোত্তীর্ণ পৌরসভায় বিরোধীদলীয় মেয়ররা মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে নির্বাচন অনুষ্ঠানে জটিলতা সৃষ্টি করছেন। সে জটিলতায় শ্রীমঙ্গলসহ দেশের ১৬টি পৌরসভার নির্বাচন আটকে আছে। এসব জটিলতা নিরসনে শীঘ্রই আইন তৈরি হচ্ছে। নতুন এ আইনে পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার সাথে সাথে প্রশাসক নিয়োগ দেওয়া হবে।

তিনি শনিবার (৯ জানুয়ারী) দুপুরে  শ্রীমঙ্গলে স্থানীয় জেলা পরিষদ হলে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলার সামগ্রিক উন্নয়নে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।

সচিব হেলালুদ্দিন আহমদ বলেন, শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকার কাজ করছে। নতুন করে কোন আইনি জটিলতা সৃষ্টি না হলে খুব শীঘ্রই শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন করা সম্ভব।

হেলালুদ্দীন আহমদ বলেন, পৌরসভা এলাকা সম্প্রসারণ নিয়ে হাইকোর্টে একের পর এক রিট  দায়েরের কারণে মেয়াদ উত্তীর্ণের ৭ বছর পেরিয়ে গেলেও এখানে নির্বাচন করা যায়নি। দেশের যে সব পৌরসভায় বিরোধীদলের মেয়ররা দায়িত্বে রয়েছেন সেসব পৌরসভার মেয়ররা ক্ষমতায় থাকার জন্য জটিলতা সৃষ্টি করছেন। মেয়াদ শেষ হলে আর কোন জনপ্রতিনিধি ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন না। এজন্য আইন সংশোধন করা হবে। যাতে করে মেয়াদ শেষে জন প্রতিনিধিরা প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারেন।

সচিব শ্রীমঙ্গল পৌরসভা নিয়ে জেলা প্রশাসকের গাফিলতিকে দায়ী করে বলেন, জেলা প্রশাসকরা মন্ত্রনালয়ে সঠিক রিপোর্ট না পাঠানোর কারণে আমরা মন্ত্রণালয় থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনা।

তিনি বলেন, পৌরসভার পরিধি সম্প্রসারণ একটি দীর্ঘ প্রক্রিয়া। এর মধ্যে শ্রীমঙ্গল পৌরসভা নিয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় সম্প্রসারণ ও নির্বাচন দুটোই বিলম্ব হচ্ছে।

সিলেট বিভাগীয় কমিশনার এনডিসি মশিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মো. জাকারিয়া, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রেম সাগর হাজরা, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু দেব বেবুল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়