ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪২, ১৬ জানুয়ারি ২০২১
আপডেট: ১৬:০৫, ১৬ জানুয়ারি ২০২১

কুলাউড়ায় মর্যাদার লড়াইয়ে কে হচ্ছেন মেয়র?

চার মেয়র প্রার্থী

চার মেয়র প্রার্থী

দ্বিতীয় ধাপের নির্বাচনে কুলাউড়ায় ভোটগ্রহণ শেষ। কিছুক্ষণের মধ্যে শুরু হবে ভোট গণনা। এখন দেখার বিষয় মর্যাদার এই লড়াইয়ে কে হচ্ছেন পরবর্তী মেয়র। নির্বাচনের ফল জানতে অধীর আগ্রহে রয়েছেন কুলাউড়ার ভোটাররা।

কে হবেন পরবর্তী মেয়র এ নিয়ে পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে চলছে আলোচনা। প্রার্থীদের দলীয় প্রতীক নাকি ব্যক্তি অবস্থান সে বিষয়ে ভোটার ও সচেতন মহলের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। অনেকেই বলছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপি প্রার্থী সুবিধাজনক অবস্থায় রয়েছেন।

যদিও ১৩ জানুয়ারি  থেকে নির্বাচনী প্রচারণায় পুলিশি বাধার অভিযোগ এনে নীরব রয়েছেন ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র কামাল উদ্দীন আহমদ জুনেদ। অন্যদিকে শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের কাছে ভোট চেয়েছেন নৌকার কাণ্ডারি সাংবাদিক সিপার উদ্দিন আহমদ, বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ এবং স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়া। 

বর্তমান মেয়র শফি আলম ইউনুছ বিদ্রোহী প্রার্থী হওয়ায় ও নতুন মেয়র প্রার্থী শাজান মিয়া স্থানীয় পর্যায়ে জনপ্রিয় থাকায় শেষ পর্যন্ত কে জয়লাভ করবেন তা এখনই বলা যাচ্ছে না।

পৌর ভোটাররা বলছেন লড়াইয়ে যিনি জয়ী হবেন তিনি খুব কম ভোটের ব্যবধানে নির্বাচিত হতে পারেন। কারন এবার ব্যক্তি অবস্থান থাকায় নির্বাচনে ৪ জন প্রার্থীই হেভিওয়েট। তাছাড়া ভোটের মাঠে শক্তিশালী দুজন স্বতন্ত্র প্রার্থী থাকায় চার মেয়রপ্রার্থী মাঝে চতুর্মুখী লড়াই হবে পৌরবাসী আশা করছেন।  

নির্বাচনে ৩য় বারের মত লড়ছেন বর্তমান মেয়র বিদ্রোহী প্রার্থী শফি আলম ইউনুছ। গত নির্বাচনে তিনি ৪ হাজার ২শত ভোট পেয়ে মেয়র হিসেবে জয় লাভ করেন। বিগত ৫ বছর এলাকার উন্নয়নে কাজ করে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

অন্যদিকে প্রথমবারের মতো নির্বাচনের লড়াইয়ে আওয়ামী লীগ প্রার্থী সিপার আহমদ। তিনি ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতার পাশাপাশি তার রয়েছে  রাজনীতি ও সাংবাদিকতায় ব্যাপক পরিচিতি। এই নির্বাচনে তিনি ব্যক্তিগত ও দলীয় ইমেজকে কাজে লাগিয়ে জয়ী হতে চান বলেই জনগণ মনে করছেন।

এছাড়া টানা ৪র্থবারের মত নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি প্রার্থী ও সাবেক দুইবারের মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ। পৌর এলাকার বাসিন্দারা মনে করছেন দুইবারের সাবেক মেয়র হওয়ায় আর আওয়ামী লীগের  বিদ্রোহী প্রার্থী থাকায় এই বিএনপি প্রার্থী সুবিধাজনক অবস্থানে রয়েছেন। ভোটের দিন তিনিও ব্যাপক চমক দেখাবেন বলে সবাই আশাবাদী।

অন্য স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়া প্রবাসী হলে সামাজিক অঙ্গনে পরিচিত মুখ। করোনাকালে অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষকে খাদ্যসহ আর্থিক সহায়তা করেছেন শাজান মিয়া।

সচেতন ভোটাররা দাবি করছেন নির্বাচনে অনেক প্রার্থী টাকা দিয়েও ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করতে পারেন তবে কুলাউড়া পৌর এলাকার জলাবদ্ধতাসহ নানা দুর্ভোগ দূরীকরণে পরিকল্পনা নিয়ে যিনি কাজ করবেন তাকেই তারা জয়যুক্ত করবেন। 

এদিকে সকাল থেকেই  কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যাচ্ছে পুরুষের পাশাপাশি নারী ভোটারদের সরব উপস্থিতি রয়েছে। পৌর এলাকার ভোটারদের মাঝেও ভোট নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

এবার কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, আওয়ামী লীগ বিদ্রোহী, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩৩ প্রার্থী ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন সহ মোট ৫৩ জন প্রার্থী প্রতিদ্ব ন্ধিতা করবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শুকুর মাহমুদ।

তিনি জানান কুলাউড়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭৫৯ জন। তার মাঝে ৯টি কেন্দ্র অনেক গুরুত্বপূর্ণ তাই নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিজিবি ও মোতায়েন করা হয়েছে।

আইনিউজ/এবি/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়