ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৩, ১৭ জানুয়ারি ২০২১
আপডেট: ১৬:৫৮, ১৭ জানুয়ারি ২০২১

কেন্দ্র ঘোষিত কমিটি প্রত্যাখান করে ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ

বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল

ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কমিটি প্রত্যাখান করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। তাদের অভিযোগ,  টাকার বিনিময়ে বিবাহিত ও অছাত্র দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে গঠিত কমিটির বিরোধিতা করে মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মীরা।   

মিছিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিব ও ছাত্রদলের সিলেটের বিভাগীয় সমন্বক ওমর ফারুক কাওসারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। এ সময় নেতাকর্মীরা রাজপথে দলীয় শত্রুদের প্রতিহত করার হুঁশিয়ারী দেন।  

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৬ জানুয়ারি) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত বিবৃতিতে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটির অনুমোদন দেয়া হয়।

এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় নেতাকর্মীরা। কেন্দ্রের এমন সিদ্ধান্তের প্রতিবাদে রোববার দুপুরে শহরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হয়।

শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুর রহমান শিপু বলেন, কুখ্যাত স্বর্ণ চোরাকারবারী সোনা মুজিবের (বিএনপির নির্বাহী কমিটির সদস্য) নিকট থেকে টাকা খেয়ে জেলা কমিটিকে পাশ কাটিয়ে ওমর ফারুক কাওসার এই অবৈধ কমিটি অনুমোদন করেছেন। এ কমিটি আমরা মেনে নিতে পারি না। তিনি অবিলম্বে  কমিটি বাতিল করে পরীক্ষিত যোগ্য, দক্ষ ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে মৌলভীবাজার জেলা ছাত্রদল কর্তৃক পুনঃকমিটি গঠনের আহবান জানান।

হাজী মুজিব বিএনপি, যুবদল ও ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সাবেক পৌর যুবলীগের সভাপতি তাজউদ্দিন তাজুকে বিএনপিতে ও তার পরিবারের সদস্যদেরকে যুবদল, ছাত্র দলে পদায়ন করছেন বলেও তিনি অভিযোগ করেন।

শ্রীমঙ্গল কলেজ ছাত্রদলের আহবায়ক মিজান আহমেদ বলেন, ঘোষিত উপজেলা ছাত্রদলের কমিটির যুগ্ম আহবায়ক মো.জাহাঙ্গীর আলম বিবাহিত। এই কমিটির অধিকাংশকে কেউ চেনেনা, অনেকেই আবার ৮ম শ্রেণি পাস।  এই  কমিটি তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবে না। বরং রাজপথে তাদের প্রতিহত করা হবে। এ বিষয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান , জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।

মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ বলেন, হাজী মুজিবুর রহমান চৌধুরীর মনোনীতদের নিয়ে কেন্দ্র থেকে এ কমিটি গঠন করা হয়েছে। ফলে জেলার অনুমোদন না নেয়ায় কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়