ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৫, ২৩ জানুয়ারি ২০২১

কমলগঞ্জের ৬০ ভূমি ও গৃহহীন পরিবার পেল মুজিববর্ষের উপহার

ভূমি ও গৃহহীনদের হাতে ঘর হস্তান্তর

ভূমি ও গৃহহীনদের হাতে ঘর হস্তান্তর

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভূমি ও গৃহহীনদের পরিবারকে জমি ও ঘর প্রদান করেছেন। এরই পরিপ্রেক্ষিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৬০টি পরিবারের হাতে নির্মিত ঘরের চাবি তুলে দেয়া হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমি ও ঘর প্রদান কর্মসূচির উদ্বোধনের পর কমলগঞ্জ উপজেলার ভূমি ও গৃহহীন ৬০ পরিবারের মাঝে নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, পৌর মেয়র জুয়েল আহমেদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসলাম ইকবাল, সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ।

প্রকল্প সূত্রে জানা গেছে, গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে রহিমপুর, পতনঊষার, মুন্সীবাজার, আলীনগর ও ইসলামপুর ইউনিয়নের ভূমি ও গৃহহীন ৮৫টি পরিবারের জন্য ঘর নির্মিত হয়েছে। প্রতিটি ঘরে ব্যয় হবে ১ লাখ ৭৫ হাজার টাকা করে। অর্থাৎ  ৮৫টি ঘরে মোট ব্যয় হবে ১ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার টাকা।

৬০টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় সেগুলো হস্তান্তর করা হয়েছে। বাকিগুলো নির্মাণাধীন রয়েছে। পর্যায়ক্রমে বাকি ঘরগুলো নির্ধারিত ভূমি ও গৃহহীনদের কাছে হস্তান্তর করা হবে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়